প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ২৩:০০ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৬:৩৮ পিএম
মরমি কবি ও গায়ক মো. ইব্রাহীম। সংগৃহীত ছবি
আশির দশকের জনপ্রিয় মরমি কবি ও গায়ক মো. ইব্রাহীম আর নেই। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৯ টায় তিনি রাজধানীর কচুক্ষেতে নিজের বাসায় মারা যান৷ পরে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মো. ইব্রাহীম দীর্ঘদিন ধরে স্কিন ক্যান্সারে ভুগছিলেন।
আশির দশকের জনপ্রিয় এ শিল্পীর মৃত্যুর খবর এখনও জানে না সংগীত ঐক্য পরিষদ, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও গীতিকবি সংঘ৷ তিন সংগঠনের নেতাদের কেউ কেউ বলেন, মো. ইব্রাহীম নামে কোনো মরমি কবি ও গায়কের কথা তারা জানেন না।
আশির দশকের অত্যন্ত জনপ্রিয় হওয়া ‘কি আছে জীবনে আমার’, ‘কোন একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু’, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’সহ অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন মো. ইব্রাহীম। ৪১টি অ্যালবামসহ প্রায় সাড়ে চারশ গান করেছেন তিনি।ৎ
১৯৭২ সাল থেকে পেশাদার সংগীতশিল্পী হিসেবে তিনি গান করেছেন। তার অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- কি আছে জীবনে আমার, বিনোদিয়া, ভবের মানুষ, নিষ্ঠুর পৃথিবী, আর কান্দাইওনা, কবর হলো রুহের হোল্ডিং নাম্বার, সৃষ্টি রহস্য, মাটির দেহ যাবে পচে ইত্যাদি।