নভেল চৌধুরী
প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৩:৩০ পিএম
বেগম রোকেয়া কলেজে সাংগঠনিক সভা শেষে রংপুরের অদম্যরা
১৩ মে শনিবার সরকারি বেগম রোকেয়া কলেজের এলআইসিটি ল্যাব মিলনায়তনে অদম্য বাংলাদেশ রংপুর ইউনিটের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আহ্বায়ক আজহারুল ইসলাম দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সদস্য সচিব অর্জুন দাস, অদম্য প্রিয়াংকা বর্মণ, মুরাদ কাওসার, প্রিয়তি বর্মণ, নুসরাত নওশীন বুশরা, আরমান আরাফাত অনিক, শাহ অলি উল্লাহ, হাসান আলী প্রমুখ।
সভায় সবার মতামত ও আলোচনার ভিত্তিতে নানা ধরনের সামাজিক ও পরিবেশ সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক সম্প্রীতি উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সমাবেশের আয়োজন করা, সৃজনশীল প্রতিভা বিকাশে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও বিভিন্ন দিবসভিত্তিক ছোটগল্প, কবিতা আহ্বান এবং নির্বাচিতদের পুরস্কৃত করা, দক্ষতা সৃষ্টি ও উন্নয়নের লক্ষ্যে স্বল্পসংখ্যক মেয়েদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পতিত জমিকে চাষাবাদের আওতায় আনা, বহুতল ভবনের ছাদে ছাদবাগান করতে উৎসাহিত করাসহ নানা কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।
অদম্য প্রিয়াঙ্কা বর্মণ বলেন, কম্পিউটারের সাধারণ জ্ঞানকে কাজে লাগিয়ে স্কুল-কলেজের ছাত্রীরা ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। তাদের মধ্যে এই জ্ঞানের ঘাটতি রয়েছে। আগামীতে অদম্য বাংলাদেশ রংপুর ইউনিটের পক্ষ থেকে স্কুল-কলেজের ছাত্রীদের সীমিত পরিসরে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।
অদম্য শাহ অলি উল্লাহ বলেন, অদম্য বাংলাদেশ-এর পক্ষ থেকে সৃজনশীল কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। ধারাবাহিকভাবে তা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া বিগত সময়ের মতো দেশের নানা দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কাজও অব্যাহত থাকবে আমাদের।
সদস্য সচিব অর্জুন দাশ বলেন, বর্তমানে সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এমন অবস্থায় অদম্য বাংলাদেশ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সামাজিক সম্প্রীতি উন্নয়নে কাজ করবে। সব শ্রেণি-পেশা বা ধর্মের মানুষ একত্রিত হয়ে সহযোগিতার মাধ্যমে একটি উন্নত সমাজ বিনির্মাণে সচেষ্ট থাকব।
আহ্বায়ক আজহারুল ইসলাম দুলাল বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে তীব্র দাবদাহ চলছে। নগরায়ণের কারণে খাল-বিল ভরাট, গাছপালা উজাড় করা হচ্ছে। ফলে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করেছে। এমন পরিস্থিতিতে দাবদাহ মোকাবিলাসহ পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে অদম্য বাংলাদেশ।