আবুবকর সিদ্দিক শিবলী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৩:২০ পিএম
কুয়াশায় আচ্ছন্ন শীতের মেঘলা আকাশ
জানালা দিয়ে ঢুকছে মৃদু ঠাণ্ডা বাতাস।
তারণ্যের কবি, বসেছে টেবিলের এক কোণে
জীর্ণশীর্ণ চাদর মুড়িয়ে রুক্ষ হস্তে কলম নিয়ে
লিখবে স্বীয় আজ নিদারুণ শীতের সাজ।
তার প্রত্যেক লাইনে,
শোভা পাবে মনোমুগ্ধকর বর্ণনা
ছেয়ে যাবে শীতের প্রবঞ্চনা
আগলে নেবে গহীনের অভ্যর্থনা
সুর মেলাবে পাখির মন্ত্রণা
আর কৃষাণীর নিত্য আনাগোনা।
তবে কি, সেও লিখবে না?
শীতের রাতে কাতর বস্ত্রহীন সেই মানুষগুলোর
বেঁচে থাকার ক্ষুদ্র আর্তনা
আর পাওয়া না পাওয়ার বেদনা।
লোক দেখানো সম্মাননা
পথে নীরব মানব বাসনা
আর উচ্চবিত্তের খামখেয়ালিপনা
সবাই আজ হয়েছে একাত্বমনা
শুনবে না, পিছিয়ে পড়া সমাজের হাল ধরা
গরিব মানুষগুলোর নিষ্ঠুর যাতনা।
সেখানে কি করে লিখবে কবি তুচ্ছ কল্পনা
কি করে বুঝাবে কলমে প্রতিবাদের আল্পনা?