নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ২০:০২ পিএম
ফাইল ছবি
দেশের স্বাস্থ্যখাতে মানোন্নয়নে থাইল্যান্ডের সহায়তা চেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার থাইল্যান্ডের ব্যাংককে সেদেশের উপ-প্রধানমন্ত্রী আনুতিন চর্নভিড়াকুলের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।
বৈঠকে জাহিদ মালেক থাইল্যান্ডে মা ও শিশু মৃত্যু হ্রাসে গৃহীহ উদ্যোগ সর্ম্পকেও জানতে চান। একইসঙ্গে জাহিদ মালেক দুই দেশের মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন, বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত নার্স, টেকনোলজিস্টসহ চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, যৌথ বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা উন্নয়ন কৌশলসহ স্বাস্থ্যখাতে বিভিন্ন বিষয়ে সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিতে থাইল্যান্ড সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী কোভিড মহামারী মোকাবেলা করে অর্থনৈতিক সাফল্য ধরে রাখার জন্য বাংলাদেশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
স্বাস্থ্যখাতে যৌথভাবে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন তারা।
প্রবা/রি