× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর শিশুরা প্রথমে টিকা পাবে, পর্যায়ক্রমে সারাদেশে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২২ ১৮:২৩ পিএম

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পক্ষকালব্যাপী সেবাপক্ষ কর্মসূচি শুরু

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পক্ষকালব্যাপী সেবাপক্ষ কর্মসূচি শুরু

রাজধানী ঢাকার স্কুল থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

আজ সোমবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শোকের মাস উপলক্ষে পক্ষকালব্যাপী সেবাপক্ষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এর মধ্য দিয়ে আগস্টের প্রথম দিনের কর্মসূচি শুরু হয় আজ। এর আগে বড়দের টিকাদান কর্মসূচিও রাজধানী ঢাকা থেকে শুরু হয়েছিল।

মহাপরিচালক বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিদেশে রয়েছেন। তিনি দেশে ফিরে শিশুদের টিকাদানের বিষয়ে বিস্তারিত জানাবেন। এ মুহূর্তে যে পরিমাণ টিকা রয়েছে তা দিয়ে দেশের সব শিশুকে টিকাকরণ করা সম্ভব নয়। এজন্য প্রাথমিকভাবে রাজধানীর স্কুল থেকে এ কার্যক্রম শুরু করা হবে। আরও টিকা পাওয়ার পর সারাদেশে এ কার্যক্রম চালানো হবে।

খুরশিদ আলম বলেন, ঢাকার যেসব এলাকায় কোভিডে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে, সেসব এলাকার শিশুদের আগে টিকা দেওয়া হবে। টিকার জন্য রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। স্কুলগুলো রেজিস্ট্রেশন করে জানানোর পর স্বাস্থ্য অধিদপ্তর টিকাদানের ব্যবস্থা করবে। এটি একটি বিশেষ টিকা। চাইলেই সবসময় পাওয়া যায় না। এ টিকা দেওয়া, সংরক্ষণ এবং সিরিঞ্জ সবকিছুই আলাদা। তাই যাতে একটি টিকাও নষ্ট না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।

শোকের মাস উপলক্ষে ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড সুগার, ব্লাড প্রেসার পরিমাপ, স্বেচ্ছায় রক্তদান, সংক্রামক ও অসংক্রামক বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরসহ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা