খুলনা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১৯:০৭ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩ ২২:০০ পিএম
খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রবা ফটো
খুলনায় সোয়া পাঁচ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবার ৮ অক্টোবর থেকে চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এ সময় ৫ লাখ ২৯ হাজার ৫১৩ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এর মধ্যে খুলনা সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৪৯ হাজার ২১১ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
এ
ছাড়া জেলার দুটি পৌরসভা ও ৯টি উপজেলার ২ হাজার ৩০৩ প্রাথমিক
ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৩ লাখ ৮০ হাজার ৩০২ শিশুকে ট্যাবলেট খাওয়ানোর
লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দেশের শিশুদের ফাইলেরিয়াসিস ও কৃমি সুরক্ষায় বছরে দুবার
কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
রবিবার (৮ অক্টোবর) নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে
শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন করা হয়।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি
হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ’শিশুর পুষ্টি ঘাটতির
অন্যতম কারণ হলো কৃমিসহ অন্যান্য পরজীবী বাহিত রোগ-ব্যাধি। তাই শিশুসহ সবার
স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে গুরুত্ব দিতে হবে।
কৃমিনাশক ট্যাবলেট নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে।
শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।’
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. ফেরদৌসী
আক্তার, সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. নাজমুর রহমান সজিব প্রমুখ।
অনুষ্ঠানে কেসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী
কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫ থেকে ১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুলবহির্ভূত শিশু, পথশিশু, ঝরে পড়া ও শ্রমজীবী শিশুদের এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।