উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১০:৩৪ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১০:৫২ এএম
টেকনিশিয়ানের অভাবে বন্ধ রয়েছে এক্স-রে কক্ষটি। প্রবা ফটো
হবিগঞ্জের মাধবপুরের ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ। ১৬ বছর ধরে টেকনিশিয়ানের অভাবে বন্ধ রয়েছে কার্যক্রম। ফলে সেবাবঞ্চিত সাধারণ রোগীরা। কবে নাগাদ সেবা চালু হবে তাও জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০০১ সালে এখানে এক্স-রে মেশিনটি স্থাপন করা হয়। ২০০৬ সাল পর্যন্ত তা সচল ছিল। টেকনিশিয়ান বদলি হয়ে যাওয়ার পর নতুন করে কেউ যোগদান করেনি। মূলত তখন থেকেই বন্ধ রয়েছে কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকায় মেশিনটি অচল হওয়ার পথে।
উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাসেদ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে রয়েছেন সেবাপ্রত্যাশীরা। বাইরের বেসরকারি ল্যাব বা ক্লিনিক থেকে বেশি টাকা খরচ করে তাদের পরীক্ষানিরীক্ষা করতে হচ্ছে। এ খরচ অনেকের সাধ্যের বাইরে থাকায় করাতে পারছেন না। ফলে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরছেন তারা।’
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এক্স-রে বিভাগের টেকনিশিয়ান না থাকায় বন্ধ রয়েছে কার্যক্রম। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে বারবার চিঠি দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ কবে নাগাদ এখানে একজন টেকনিশিয়ান যোগদান করতে পারেন তাও জানাতে পারেননি এই স্বাস্থ্য কর্মকর্তা।