মালিক সমিতির ঘোষণা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ২০:৪৯ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধন। ছবি : সংগৃহীত
ছয় দফা দাবি আদায়ে আবারও মাঠে নেমেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। এই দাবি না মানলে আগামী ২৫ জুলাই থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন সংগঠনের নেতারা।
তারা বলেন, ‘আমাদের দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আমরা আমাদের কর্মসূচি বাতিল করব। আমাদের সংগঠন রাজনৈতিক নয়। আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন করছি না। আমরা মানব সেবামূলক কাজ করে থাকি। তাই আমরা বলতে চাই, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমরা যেনো আবার সারা বাংলাদেশে আমাদের সেবা পৌঁছে দিতে পারি।’
মালিকদের দাবিগুলো হলো- সেবাখাতে অ্যাম্বুলেন্সের আয়কর বিআরটিএ কর্তৃক (এআইটি) নেওয়া চলবে না; অ্যাম্বুলেন্সের জাতীয় নীতিমালা; টোল ফ্রি বাস্তবায়ন; হাসপাতালসমূহে পার্কিং সুবিধা; রোগী থাকা অবস্থায় দ্রুত গ্যাস; এবং সড়কে হয়রানীমুক্ত পথ চলা।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. বাদল মাতব্বর বলেন, ‘অ্যাম্বুলেন্স এমন একটি সেবাখাত যেটা বিআরটিএর কাছে অবহেলিত। আমরা এই অবহেলা থেকে পরিত্রাণ চাই। জাপান থেকে আমরা অ্যাম্বুলেন্স আমদানি করি অ্যাম্বুলেন্স হিসেবে। বিআরটিএ রেজিস্ট্রেশন করি অ্যাম্বুলেন্স হিসেবেই, অথচ আয়কর দেয়ার সময় দিতে হয় প্রাইভেট গাড়ি হিসেবে।’
তিনি বলেন, হাসপাতাল এবং ট্রাস্টি বোর্ডের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে আয়কর নেওয়া হয় মাত্র ৫২ টাকা। অথচ বেসরকারি অ্যাম্বুলেন্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতীতে নেওয়া হতো ৩০ হাজার টাকা, এ বছর থেকে ৫০ হাজার টাকা নেওয়া হবে বলে জানতে পেরেছেন। সেবাখাতে একই দেশে দুই ধরনের আইন কি করে হয়?
বাদল মাতব্বর আরও জানান, তারা দীর্ঘ দিন ধরে জাতীয় নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার পাননি। উচ্চ আদালতে একটি রিট করা হলেও সমাধান হয়নি। বাধ্য হয়ে এতো বড় ধর্মঘটে যাচ্ছেন।
অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।