দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। এ ছাড়া নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৬১ জন এবং ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ২৮০, আক্রান্ত ২ লাখ ৬৩ হাজার ছাড়াল
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৬১ জন। এ নিয়ে এখন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৫৮ দিনে সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। এ সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন।
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ৪২৫ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৯ হাজার ৭০৮ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে।