নারীর সুস্থতা, আত্মপরিচয়, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা নিয়ে রাজধানীর হোটেল রেনেসাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘ওয়াও উইমেন ওনিং ওয়েলনেস’-এর দ্বিতীয় পর্ব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারীর সুস্থতা, আত্মপরিচয়, আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের বার্তা নিয়ে রাজধানীর হোটেল রেনেসাঁয় অনুষ্ঠিত হয়েছে ‘ওয়াও উইমেন ওনিং ওয়েলনেস’-এর দ্বিতীয় পর্ব।
বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন ডা. তাওহিদা রহমান ইরিন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘হুইস্পার্স অব সেরেনিটি: হার ভয়েস, হার স্টোরি, হার আইডেনটিটি’। নারীর নিজস্ব কণ্ঠস্বর, জীবনের গল্প, স্বতন্ত্র পরিচয় ও অন্তর্নিহিত শক্তিকে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সংগীত, সংস্কৃতি, গণমাধ্যম, ফ্যাশন, চিকিৎসা, জনস্বাস্থ্য, আইন, করপোরেট ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও অনুপ্রেরণাদায়ী নারীরা অংশ নেন। তাদের পেশাগত অভিজ্ঞতা, জীবনবোধ ও অর্জনের মধ্য দিয়ে উঠে আসে সমাজে নারীর বহুমাত্রিক পরিচয় ও অবদানের চিত্র।
আয়োজনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আবিদা সুলতানা, আলিফ আলাউদ্দিন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি তোরশা, টেলিভিশন প্রযোজক ফরিদা লিমা, এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. ফারজানা নাহিদ ও মোহসেনা শাওন, ব্রডকাস্ট জার্নালিস্ট রুকাইয়া জহির, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফারহানা হক, আইনজীবী রুমানা ফাতেমিন, চিকিৎসক ডা. খন্দকার শেহনিলা তাসনিম, ইভেন্ট প্ল্যানার নিশা খান, উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার নুজহাত নওয়ার এবং স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান উপস্থাপিকা ডা. সিফাত।
এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন উপস্থাপিকা ও ‘ফাউন্ডার অব হেয়ার ফান’ সানা মেহজাবিন রিন্টি, এনডব্লিউ আরএমজি লিমিটেডের চেয়ারম্যান মনোয়ারা বিনতে আবদুর রব, ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী, নিউক্লিয়ার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ লায়লা, ইউফিল কসমেসিউটিক্যালের চেয়ারম্যান সিলভি মাহমুদ, টেলিভিশন উপস্থাপিকা শান্তা জাহান, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের মার্কেটিং, ব্র্যান্ডিং ও জনসংযোগ পেশাজীবী সাবরিনা মৃধা, সমাজকর্মী নাসিমা পারভীন এবং রিজুভা ওয়েলনেসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাদিয়া সুশ্মিতা।
আয়োজকদের মতে, অনুষ্ঠানটি শুধু আনুষ্ঠানিক মিলনমেলা নয়; বরং নারীর ব্যক্তিগত সুস্থতা, মানসিক প্রশান্তি, আত্মমর্যাদা ও আত্মপরিচয় নিয়ে মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন পেশা ও প্রজন্মের নারীদের একত্র করার মধ্য দিয়ে এ আয়োজন নারীর ক্ষমতায়নের পাশাপাশি নিজের কথা বলার স্বাধীনতা, স্বতন্ত্র পরিচয় ধারণ এবং ভালো থাকার অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে।
নারীর কণ্ঠস্বর, গল্প, পরিচয় ও সুস্থতাকে প্রাধান্য দিয়ে আয়োজিত ‘ওয়াও উইমেন ওনিং ওয়েলনেস’-এর দ্বিতীয় পর্ব অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও অনুপ্রেরণার সুযোগ তৈরি করে।