প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৫০ মিনিট আগে
মায়ের কোলে অসুস্থ শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে একজন মারা গেছে নিশ্চিত হামে। বাকি ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ নিয়ে এখন পর্যন্ত সন্দেহজনক হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ১০৬ জন।
এ দিকে নতুন আক্রান্ত হওয়া ১ হাজার ১০৯ জনের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ জন। নিশ্চিত হামে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ১০২।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হওয়া ১০২ জন নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।