প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মিনিট আগে
হাসপাতালের বেডে শুয়ে আছে অসুস্থ শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন এবং স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।
হাম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ গাজার ২৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সন্দেহজনক হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২৫৪ দিনে মোট সন্দেহজনক সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৮ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩০০ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।
ডেঙ্গু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন রোগী।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা এবং একজন ময়মনসিংহ বিভাগের। এ সময়ে অন্য কোনো বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সর্বোচ্চ ৪১৫ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ১৪১ জন, বরিশালে ১৩৭, চট্টগ্রামে ১৭৩, রাজশাহীতে ১৩১, ময়মনসিংহে ৮৫, রংপুর বিভাগে ৫৮ এবং সিলেট বিভাগে ৫ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। এর মধ্যে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫২৪ জনের।
মোট মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ২৬৫ জনই ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, বরিশালে ৩৩, চট্টগ্রামে ৫৩, রাজশাহীতে ৩১, ময়মনসিংহে ৪১, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৭০ হাজার ৬০০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৪ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ২৯০ জন রোগী ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।