× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানুয়ারিতেও থাকবে ডেঙ্গুর প্রকোপ

হাসনাত শাহীন

প্রকাশ : ১৭ মিনিট আগে

আপডেট : ১৬ মিনিট আগে

গ্রিল ধরে খাঁচাবদ্ধ পাখির দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে অসুস্থ জান্নাত। শনিবার মহাখালী ডিএনসিসি হাসপাতালে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রিল ধরে খাঁচাবদ্ধ পাখির দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে অসুস্থ জান্নাত। শনিবার মহাখালী ডিএনসিসি হাসপাতালে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বছরের শেষ দিকে সাধারণত ডেঙ্গুর প্রকোপ কমে এলেও এবার চিত্র ভিন্ন। গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ সংক্রমণ ও পাঁচ শতাধিক মৃত্যুর মধ্যেই নভেম্বরের কয়েক দিনের বৃষ্টি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। ঘরবাড়ির আশপাশ, ছাদ, গাছের কোটর ও পরিত্যক্ত পাত্রে পানি জমে এডিস মশার প্রজনন বাড়তে থাকায় ডিসেম্বর ছাপিয়ে জানুয়ারিতেও ডেঙ্গু পরিস্থিতি নাজুক থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। এর সঙ্গে নালা-নর্দমায় কিউলেক্স মশার বিস্তার যোগ হওয়ায় তৈরি হয়েছে দ্বিমুখী চাপ। এ পরিস্থিতি সামাল দিতে এখনই সারা দেশে একযোগে সমন্বিত পরিচ্ছন্নতা ও কার্যকর মশা নিধন কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ সময়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে চলতি বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে এবং মৃত্যু হয়েছে ৫১৬ জনের। গত বছরের একই সময়ে আক্রান্ত হয়েছিলেন ৮৮ হাজার ৮৯৩ জন ও মারা গিয়েছিলেন ৩৫৩ জন। অর্থাৎ এবার আক্রান্ত প্রায় দ্বিগুণ হয়েছে এবং গত বছরের তুলনায় ১৬৩ জন বেশি মারা গেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশারের নেতৃত্বে একটি গবেষক দল মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা ও ডেঙ্গু রোগীর সংখ্যা বিশ্লেষণ করে নিয়মিত পূর্বাভাস তৈরি করছে। তাদের তথ্য অনুযায়ী, এবার ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

কবিরুল বাশার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “সাম্প্রতিক বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে সংক্রমিত স্ত্রী এডিস মশা ডিম পাড়বে। সেখান থেকে লার্ভা ও পিউপা হয়ে নতুন পূর্ণাঙ্গ মশা জন্ম নেবে। ফলে বছরের শেষ দিকে সাধারণত ডেঙ্গুর প্রকোপ কমে এলেও এবার সেই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। একই সঙ্গে নালা-নর্দমায় ময়লা-আবর্জনায় পানি আটকে কিউলেক্স মশার প্রজননও বাড়ছে। এতে ডিসেম্বরে এডিস ও কিউলেক্সÑ দুই ধরনের মশার বিস্তার নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে বাড়তি চাপে পড়তে হতে পারে”।

জনস্বাস্থ্যবিদ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরীর আশঙ্কা, নভেম্বরের বৃষ্টির প্রভাবে ডেঙ্গুর প্রকোপ ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে, এমনকি জানুয়ারিতেও এর ধারাবাহিকতা থাকতে পারে।

তিনি বলেন, “শুধু পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়; একই সঙ্গে কার্যকর ওষুধ প্রয়োগ করতে হবে। একটি এলাকায় ওষুধ প্রয়োগ করলে মশা পাশের এলাকায় চলে যেতে পারে। তাই সারা দেশে একই সময়ে সমন্বিতভাবে পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম চালাতে হবে”।

হামে ২ জনের মৃত্যু

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের একজন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৩১ জন। এ নিয়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা