× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনকিউবেটরে আগুন, ৫ ঘণ্টার নবজাতকের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়ার অভিযোগ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২১:২৫ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ২১:২৮ পিএম

রাজধানীর চাঁনখারপুলের একটি বেসরকারি হাসপাতালে ইনকিউবেটরে আগুন লেগে পাঁচ ঘণ্টা বয়সী এক নবজাতকের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর চাঁনখারপুলের একটি বেসরকারি হাসপাতালে ইনকিউবেটরে আগুন লেগে পাঁচ ঘণ্টা বয়সী এক নবজাতকের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর চাঁনখারপুলের একটি বেসরকারি হাসপাতালে ইনকিউবেটরে আগুন লেগে পাঁচ ঘণ্টা বয়সী এক নবজাতকের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও ইনকিউবেটরের অতিরিক্ত উত্তাপের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে নবজাতকটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের এনআইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

শিশুটির বাবা মো. রাব্বানী জানান, শনিবার ভোর ৪টার দিকে ঢামেক হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে তার সন্তানের জন্ম হয়। জন্মের পর শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা নবজাতককে এনআইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে শয্যা খালি না থাকায় এক চিকিৎসকের পরামর্শে হাসপাতালের এক ওয়ার্ড বয়ের মাধ্যমে ভোর ৫টার দিকে শিশুটিকে চাঁনখারপুলের ‘রয়েল কেয়ার হাসপাতালে’ নেওয়া হয়।

রাব্বানীর অভিযোগ, হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলার সময় শিশুটিকে এনআইসিইউর একটি বেডে রাখা হয়। এ সময় তিনি ও তার ভাতিজা রেজাউল ভর্তি-সংক্রান্ত কাগজপত্র ঠিক করছিলেন। হঠাৎ চিৎকার শুনে ওয়ার্ডে গিয়ে দেখেন, শিশুটিকে রাখা মেশিনটিতে আগুন জ্বলছে এবং নবজাতকের শরীরেও আগুন লেগেছে। এ সময় হাসপাতালের দায়িত্বশীল কর্মীদের কাউকে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্বজনরা আগুন নিভিয়ে শিশুটিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তবে পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বজনদের বিরোধ ও মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন শিশুটির বাবা।

কান্নাজড়িত কণ্ঠে রাব্বানী বলেন, “সরকারি হাসপাতালে সিট না পেয়ে বাচ্চাকে বাঁচানোর জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু তাদের অবহেলায় আমার পাঁচ ঘণ্টার বাচ্চার শরীর পুড়ে গেল। আমি এই ঘটনার বিচার চাই।”

নবজাতকটি বগুড়ার কাহালু থানার পলি বগুই গ্রামের বাসিন্দা রাব্বানীর সন্তান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রয়েল কেয়ার হাসপাতালের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক। তার দাবি, শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ভর্তি করার আগেই শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এতে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না। স্বজনদের মারধরের অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

হাসপাতালের রিসিপশনিস্ট সানজিদা জানান, ভর্তির প্রক্রিয়া চলার সময় শর্টসার্কিট থেকে আগুন লাগে। ঘটনার পরপরই হাসপাতালের উদ্যোগে শিশুটির স্বজন ও কর্মীদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের কাছে ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।

ঢামেক হাসপাতালের চিকিৎসক ডা. তাজকিয়া হক জানান, নবজাতকের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিষয়টি স্বজনদের জানানো হলেও তারা তা মেনে নিতে পারছেন না এবং চিকিৎসায় সহযোগিতা করছেন না।

এদিকে ঢামেকের ২১১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা ওয়ার্ড বয়রা জানান, হাসপাতালে এনআইসিইউর শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে বাইরে যেতে হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। নবজাতকটি বর্তমানে ঢামেকের ২১১ নম্বর ওয়ার্ডের এনআইসিইউতে চিকিৎসাধীন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা