দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন রোগী।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের বাসিন্দা। বাকি বিভাগগুলোতে এ সময়ে কারও মৃত্যু হয়নি।
গত একদিনে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২১ জন হাসপাতালে গেছেন। এছাড়া চট্টগ্রামে ২৭৫ জন, খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন এবং রংপুর বিভাগে ৪৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো রোগী ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সারা দেশে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।
বছরজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন মোট ৫ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী।