প্রতীকী ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে সর্বোচ্চ ৪ জন ঢাকা বিভাগের এবং ২ জন খুলনা বিভাগের বাসিন্দা। বাকি ছয়টি বিভাগে (ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট) গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১ হাজার ৮৬৬ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ৮৬৮ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২১৫ জন, বরিশালে ২০৬ জন, রাজশাহীতে ১৭১ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৯৩৬ জন রোগী।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮২ জন, চট্টগ্রামে ৪৩ জন, ময়মনসিংহে ৩৭ জন, বরিশালে ৩০ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেটে ৪ জন মারা গেছেন।