প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ ১৬:৪৭ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬ ১৬:৪৮ পিএম
প্রতীকী ছবি/এআই
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭১ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের (উভয়ই সিটি করপোরেশন এলাকার বাইরে)। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। পুরুষ দুজনের মধ্যে একজনের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। আর নারী রোগীর বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১ হাজার ২৯৯ রোগীর মধ্যে সর্বোচ্চ ২৭৪ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে)। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৯, বরিশালে ১৫৯, খুলনায় ১৪৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬, রাজশাহীতে ১১৩, ময়মনসিংহে ১০০, রংপুরে ৩৮ ও সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬ হাজার ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।