× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু ও হামের প্রকোপ: অবহেলার সুযোগ নেই

সম্পাদকীয়

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১১:১০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

দেশে জনস্বাস্থ্য পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একদিকে ডেঙ্গুর বিস্তার থামছে না, অন্যদিকে অব্যাহত রয়েছে হামের প্রকোপও। মশাবাহিত ডেঙ্গু এবং অত্যন্ত সংক্রামক হামÑ এই দুই রোগের আঘাতে বিপন্ন মানুষের জীবন। প্রতিদিনই এসংক্রান্ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোয়। বাড়ছে আক্রান্ত পরিবারগুলোর চিকিৎসাব্যয়ও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৩৩১ জন। শুধু চলতি অক্টোবরের প্রথম ১৫ দিনেই মৃত্যু হয়েছে ৮৬ জনের। এই সময়ে ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। পরিসংখ্যান বলছে, ডেঙ্গুজনিত মৃত্যুর উল্লেখযোগ্য অংশ ঘটেছে চলতি মাসের প্রথমার্ধে। এই চিত্র ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদ্যমান কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উদ্রেগ করে। কারণ এসব মৃত্যুর পরিসংখ্যান নিছক সংখ্যা নয়; প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবারের শোক, অনিশ্চয়তা ও অপূরণীয় ক্ষতি।

অন্যদিকে হামের পরিস্থিতিও গভীর উদ্বেগের। স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ অক্টোবরের প্রতিবেদন অনুসারে, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১। শুধু অক্টোবরের প্রথম ১৫ দিনেই হাম এবং হামের উপসর্গ নিয়ে ৮১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই পরিসংখ্যান পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে। আমরা মনে করি, পরিস্থিতি মোকাবিলায় বিচ্ছিন্ন উদ্যোগ নয়, প্রয়োজন সমন্বিত, বিজ্ঞানভিত্তিক ও জবাবদিহিমূলক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা।

ডেঙ্গু ও হামের এই সংকট আমাদের স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতি, প্রতিরোধমূলক কার্যক্রম এবং জরুরি প্রতিরোধ সক্ষমতা পর্যালোচনার দাবি রাখে। কেননা মৃত্যুর সংখ্যা প্রকাশেই দায়িত্ব শেষ হয় না, প্রয়োজন মৃত্যুর কারণ অনুসন্ধান, ঘাটতি চিহ্নিতকরণ এবং সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ, আক্রান্ত এলাকার ঝুঁকি মূল্যায়ন এবং গৃহীত পদক্ষেপের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা জরুরি।

আমরা বলতে চাই, ডেঙ্গু নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কার্যকর মশকনিধন কার্যক্রমের বিকল্প নেই। মৌসুমি তৎপরতা কিংবা লোক-দেখানো অভিযান দিয়ে এ রোগের বিস্তার রোধ করা সম্ভব নয়। বাড়ির ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র ও জমে থাকা পানির উৎস নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এলাকাভিত্তিক অভিযান, লার্ভা শনাক্তকরণ এবং কার্যক্রমের ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে। 

আসলে সংকট শুরু হওয়ার পর নয়, বরং তার আগেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু করা, চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া, পর্যাপ্ত স্যালাইন ও পরীক্ষার সরঞ্জাম মজুদ রাখা এবং কার্যকর রোগী ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। আমরা মনে করি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা ডেঙ্গুজনিত মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হাম মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টিকাদান কর্মসূচি জোরদার করা। যেসব শিশু নিয়মিত টিকার আওতার বাইরে রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা। বিশেষ করে দুর্গম এলাকা, ঘনবসতিপূর্ণ জনপদ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে টিকাদান কার্যক্রম দ্রুত পৌঁছে দেওয়া। এসব ক্ষেত্রে সরকারের দায়িত্ব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন নাগরিকদের সচেতন অংশগ্রহণ। জ্বর, শ্বাসকষ্ট, পানিশূন্যতা কিংবা শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি নির্ভরযোগ্য তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই মুহূর্তে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব দেশের স্বাস্থ্য খাতে এক দ্বিমুখী সংকট সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। দেশের প্রতিটি প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি অভিভাবকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী মশার প্রজননস্থল ধ্বংস করার কাজে অগ্রাধিকার দিতে হবে। সব উদ্যোগকে একটি সমন্বিত পরিকল্পনার মধ্যে আনতে হবে। এ জন্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজন অনুযায়ী অর্থ ও কারিগরি সহায়তা দিতে হবে। এসব রোগের অনাকাঙ্ক্ষিত প্রাদুর্ভাবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। না হয় এমন ভয়াবহ মৃত্যুর হাত থেকে রক্ষা অসম্ভব হয়ে পড়বে। আধুনিক যুগে চিকিৎসাসেবার এই অগ্রযাত্রায় ডেঙ্গু ও হামের মতো রোগের কারণে শত শত মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা