প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৬:১৩ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় (১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময়ে নতুন করে ৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩০৬ জনের মধ্যে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া চারজনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ দুজন মারা গেছেন। বাকি দুজনের একজন ঢাকা এবং অন্যজন ভোলা জেলায় মারা গেছেন (জেলাভিত্তিক পরিসংখ্যানে ঢাকা-১, খুলনা-১, কুষ্টিয়া-১ ও ভোলা-১)।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যবধি (১৫ অক্টোবর পর্যন্ত) দেশে মোট নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২২ হাজার ৯২৬ জন। আর এই সময়ে মোট উপসর্গযুক্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে মারা গেছেন ১০৪ জন। একই সময়ে উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ জনে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে অদ্যবধি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। এর বিপরীতে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন রোগী।