প্রতীকী ছবি
‘যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই’Ñ যক্ষ্মা রোগ নিয়ে যে ভয় ও আতঙ্ক ছিল, তা দূর করতে একসময় এই স্লোগান ছড়িয়ে দেওয়া হয়েছিল শহর-গ্রামে। মানুষ জানতে পেরেছিল, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি এমন পর্যায়ে পৌঁছেছে, এ রোগে আক্রান্ত হলেও সুস্থ হয়ে ওঠা সম্ভব। যক্ষ্মা শনাক্ত ও চিকিৎসায় গত এক দশকে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বাংলাদেশে।
এ রোগের চিকিৎসায় এখন সফলতার হার প্রায় ৯৪ শতাংশ। কিন্তু সচেতনতামূলক প্রচারাভিযানের পাশাপাশি এতকিছু অর্জনের পরও বেরিয়ে আসা সম্ভব হয়নি এ রোগের থাবা থেকে। বরং রোগী শনাক্তকরণ প্রক্রিয়ার দুর্বলতায় এ রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে নতুন করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ গ্লোবাল টিবি রিপোর্ট এবং স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী, বাংলাদেশে এখনও প্রতিদিন গড়ে ১ হাজার ৩৮ জন থেকে ১ হাজার ৫২ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হচ্ছে; প্রতিদিন গড়ে ১১৫ থেকে ১২১ জন মানুষ প্রাণ হারাচ্ছে এই প্রতিরোধযোগ্য রোগে। অর্থাৎ প্রতিবছর ৩ লাখ ৭৯ হাজার থেকে ৩ লাখ ৮৪ হাজার মানুষ নতুন করে যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে ৪২ থেকে ৪৪ হাজার মানুষ। নিরাময়যোগ্য এ রোগে এত মানুষের মৃত্যুর পরিসংখ্যান থেকে পরিষ্কার যে, যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে সংকট কাটেনি।
উদ্বেগের বিষয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বর্তমানে যক্ষ্মার উচ্চ প্রাদুর্ভাবসম্পন্ন ৩০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) আওতায় ২০২৫ সালে এখানে ৩ লাখ ২২ হাজার ৩১৪ জন রোগী শনাক্ত ও চিকিৎসার আওতায় এসেছে। তবে প্রাক্কলিত আক্রান্তদের একটি বড় অংশ এখনও স্বাস্থ্যব্যবস্থার নজরদারির বাইরে। সাম্প্রতিক হিসাবে এ ঘাটতি প্রায় ১৮ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এদেশে যক্ষ্মা নির্মূলের লক্ষ্য এখনও বড় চ্যালেঞ্জের মুখে।
নজরদারির বাইরে ১৮% রোগী
গত এক দশকে দেশে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসার পরিধি বেড়েছে। জাতীয় কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০১৫ সালে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ লাখ ৬ হাজার ৯১৮ জন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার ৩১৪ জনে। বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসার সুযোগ বিস্তৃত হওয়ায় এবং রোগ নির্ণয়ের প্রযুক্তি বিকাশের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে।
চিকিৎসা শেষ করা রোগীদের সাফল্যের হারও প্রায় ৯৪ শতাংশ। এনটিপির ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, ওই সময়ে শনাক্ত রোগীদের ৬ দশমিক ২৯ শতাংশ ছিল শিশুÑ সংখ্যায় ৪ হাজার ৯৬ জন। শিশুদের যক্ষ্মা শনাক্তে ২০২৩ সাল থেকে মলের নমুনায় জিনএক্সপার্ট পরীক্ষা চালু করা হয়। এ পদ্ধতি চালুর পর শিশুদের মধ্যে রোগ শনাক্তের সুযোগ বাড়ে।
এ বিষয়ে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “শনাক্তকরণের হার কমে যাওয়ার অর্থ সমাজে রোগী কমে যাওয়া নয়। সেবা ব্যাহত হওয়া, পরীক্ষা কমে যাওয়া কিংবা মাঠপর্যায়ের নজরদারি দুর্বল হওয়ার কারণেও শনাক্তের হার কমতে পারে”।
ঢাকা বিভাগের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আহমেদ পারভেজ জাবীন বলেন, “বাংলাদেশে যক্ষ্মা রোগ নির্মূলের লক্ষ্য পূরণে দ্রুত শনাক্তকরণ আরও বাড়াতে হবে। এ ক্ষেত্রে সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে”।
অর্থাভাব ও প্রশাসনিক জটিলতায় চাপে সেবা ব্যবস্থা
স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির (এইচপিএনএসডিপি) অধীন যে ‘অপারেশন প্ল্যান’ (ওপি)-এর আওতায় প্রায় তিন দশক ধরে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, ২০২৪ সালের জুনে তা বন্ধ হয়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় আন্তর্জাতিক অনুদান স্থবির ও কাটছাঁট হওয়ার আকস্মিক ধাক্কা বা মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির (USAID) তহবিল কাটছাঁট এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে স্থবিরতা।
এ বিষয়ে ঢাকা বিভাগের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আহমেদ পারভেজ জাবীন জানান, জিন-এক্সপার্ট মেশিনে কফ পরীক্ষার জন্য বর্তমানে পর্যাপ্ত কার্টিজ মজুদ রয়েছে। উপজেলা পর্যায় থেকে উচ্চতর পর্যায়ের যক্ষ্মা চিকিৎসাকেন্দ্রগুলোতেও বিনামূল্যে রোগ নির্ণয়ের পরীক্ষা চালু আছে। অতীতে যে সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল, সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
এ প্রসঙ্গে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ অর্থায়ন বন্ধ করে দেওয়ায় আমাদের বিনামূল্যে ওষুধ ও সেবা দেওয়ার কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে। সরকার রাজস্ব বাজেট থেকে ঘাটতি পূরণের চেষ্টা করছে, তবে আগের অর্থায়নের ঘাটতি পুরোপুরি পূরণ হয়নি”।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে যক্ষ্মা নির্ণয়ে আণবিক পরীক্ষার হার ২০২৫ সালে প্রায় ৬০ শতাংশে পৌঁছেছে। তারপরও প্রায় ৪০ শতাংশ রোগী আণবিক পরীক্ষার আওতার বাইরে রয়েছে। এই ঘাটতি কমাতে ২৪৬টি কেন্দ্রে ৬০৫টি মিনিডক যন্ত্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উত্তরণের পথ
বিশেষজ্ঞদের মতে, যক্ষ্মা নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ভিত্তি হলোÑ রোগী শনাক্ত করা, নিরবচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করা এবং ওষুধপ্রতিরোধী যক্ষ্মা প্রতিরোধ করা। এর প্রতিটির জন্য প্রয়োজন দক্ষ জনবল, নিয়মিত প্রশিক্ষণ, পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, ওষুধের নিশ্চয়তা এবং টেকসই অর্থায়ন। এ প্রসঙ্গে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বিদেশি অনুদানের ওপর নির্ভর করে যক্ষ্মার মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি দীর্ঘমেয়াদে চালানো সম্ভব নয়। নিজস্ব রাজস্ব বাজেট থেকে স্থায়ী অর্থায়ন নিশ্চিত করতে হবে”।