× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরেও ডেঙ্গুর দাপটের শঙ্কা

হাসনাত শাহীন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৫ এএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ০৯:৪৮ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জ্বর দিয়ে শুরু, এরপর হাসপাতালের বিছানায় ছোটাছুটি। জ্বর কমলে পরিবারে কিছুটা স্বস্তি ফিরলেও ডেঙ্গু রোগীর ঝুঁকি কাটে না। বরং এ সময় হঠাৎ সংকটাপন্ন হয়ে পড়ছেন অনেকে। দ্রুত চিকিৎসা না পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিনের মৃত্যুর খবর তাই অসংখ্য পরিবারের জন্য শোক ও অনিশ্চয়তার কারণ হয়ে উঠেছে।

চলতি অক্টোবরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে মারা গেছে ৭১ জন। পুরো আগস্টে এ রোগে মৃত্যু হয়েছিল ৪৩ জনের, আর সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে মারা যায় ৫২ জন। বর্ষার প্রকোপ কমলেও ডেঙ্গুর বিস্তার কমার নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের পূর্বাভাস, নভেম্বরেও এর প্রকোপ অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩ হাজার। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গ মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ১ হাজার ১৭০ শিশু।

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুতে মৃত্যু কমাতে দ্রুত রোগ শনাক্ত, জ্বর কমার পরও নিবিড় পর্যবেক্ষণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে হবে। হাম মোকাবিলায় টিকাদানের ঘাটতি চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষাও নিশ্চিত করা প্রয়োজন।

নভেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পূর্বাভাস মডেলেও নভেম্বরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, আমাদের তৈরি ফোরকাস্টিং মডেলে স্পষ্ট দেখা যাচ্ছে, নভেম্বরে ডেঙ্গু এবার কমে আসবেÑ এমন নয়। নভেম্বরেও এর প্রকোপ থাকবে।

কবিরুল বাশার আরও বলেন, জ্বর কমে যাওয়ার পরও ডেঙ্গু রোগীর ঝুঁকি থাকে। এ সময় প্লাজমা লিকেজ, রক্তচাপ কমে যাওয়া ও শরীর ঠান্ডা হয়ে আসার মতো জটিলতা দেখা দিতে পারে। তাই জ্বর কমলেই চিকিৎসা বা পর্যবেক্ষণ বন্ধ করা যাবে না। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত তরল গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হবে।

রোগী শনাক্ত ও পর্যবেক্ষণে জোর

ডেঙ্গুর প্রকোপ কমার অপেক্ষায় না থেকে মৃত্যু প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ কমবে কি না, সেই অপেক্ষায় বসে থাকা উচিত নয়। মৃত্যু কমানোর কার্যকর পদ্ধতিগুলো বাস্তবায়ন করতে হবে। 

তার মতে, কমিউনিটি পর্যায়ে জ্বরে আক্রান্ত ব্যক্তিদের এনএস১ পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা করা প্রয়োজন। জ্বর কমে যাওয়ার পরও কয়েক দিন সতর্ক থাকা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যবেক্ষণে থাকার বিষয়ে রোগীদের জানাতে হবে। ডেঙ্গু শনাক্ত হয়েছে, কিন্তু জটিলতা তৈরি হয়নিÑ এমন রোগীদেরও পর্যবেক্ষণে রাখলে অবস্থা খারাপ হওয়ার আগেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

মশা নিয়ন্ত্রণে লক্ষ্যভিত্তিক উদ্যোগের ঘাটতি

ড. কবিরুল বাশারের মতে, মশা নিয়ন্ত্রণে শুধু রাস্তাঘাট, ড্রেন ও নর্দমায় কার্যক্রম চালালে হবে না। এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রমাণভিত্তিক ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে লক্ষ্যভিত্তিক ও প্রমাণভিত্তিক উদ্যোগের ঘাটতি রয়েছে। রাস্তাঘাট ও বিভিন্ন ড্রেনে মশা নিয়ন্ত্রণের কার্যক্রম চালানো হলেও এডিস মশা শুধু এসব স্থানে থাকে না। যেসব স্থানে এ মশার প্রজনন হয়, সেগুলো চিহ্নিত করে নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করলে ভালো ফল পাওয়া সম্ভব।

এক দিনে হাসপাতালে প্রায় দুই হাজার রোগী

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুজন, খুলনা বিভাগের দুজন, চট্টগ্রাম বিভাগের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৮৩৬, চট্টগ্রামে ৩১৮, খুলনায় ২৩০, বরিশালে ১৯৬, রাজশাহীতে ১৮৪, ময়মনসিংহে ৯৭, রংপুরে ৭১ এবং সিলেটে ১৩ জন। 

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৬৫, চট্টগ্রামে ২৮, বরিশালে ২৬, ময়মনসিংহে ২৪, রাজশাহীতে ২২, রংপুরে ছয় এবং সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ২৯৬ জন।

হামে আরও ছয় শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৩ শিশু। গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু। এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭১। হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৭১২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ রোগী। তাদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

টিকাদানে ঘাটতি, ঝুঁকিতে শিশুরা

হামের সংক্রমণ ও মৃত্যু কমাতে টিকাদানের আওতা এবং কার্যকারিতা পর্যালোচনার ওপর গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন। তার মতে, সব এলাকায় প্রয়োজনীয় টিকাদান নিশ্চিত করা না গেলে সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হবে। 

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, টিকাদানের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত. সব এলাকায় অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা। দ্বিতীয়ত. যেসব এলাকায় টিকাদানের হার বেশি বলে তথ্য পাওয়া যাচ্ছে, সেসব তথ্য সঠিক কি না, তা যাচাই করা। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে হবে।

ডা. মুশতাক হোসেনের মতে, ছয় মাস থেকে ১৫ বছর বয়সী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে যথাযথভাবে টিকার আওতায় আনা না গেলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা