× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ কোটি নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

সহিদুল আলম স্বপন, জেনেভা (সুইজারল্যান্ড)

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২১:৪৬ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ২১:৫০ পিএম

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)।

বাংলাদেশের নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে ২৫০ মিলিয়ন ইউরোর একটি বৃহৎ বিনিয়োগ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। ‘উইমেনস হেলথ ইনিশিয়েটিভ’ নামে এই কর্মসূচির আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬ উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ‘নারী স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায় এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়। ১০ অক্টোবর অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

মাতৃস্বাস্থ্য থেকে ক্যানসার চিকিৎসা, বাড়বে সেবার পরিধি : প্রস্তাবিত কর্মসূচির মাধ্যমে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা জোরদার করা হবে। একই সঙ্গে জরায়ুমুখ ও স্তন ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসাসেবা সম্প্রসারণ, জরুরি প্রসূতিসেবা উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া জেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, রোগী স্থানান্তর ও রেফারেল ব্যবস্থার আধুনিকীকরণ এবং নিবিড় পরিচর্যা সেবা (আইসিইউ) শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে মহামারি কিংবা অন্য যেকোনো জরুরি স্বাস্থ্য সংকট মোকাবিলায় দেশের প্রস্তুতি বাড়াতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‘নারীর স্বাস্থ্য সুরক্ষা ভবিষ্যৎ বিনিয়োগ’ : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। রোগ প্রতিরোধ-ভিত্তিক স্বাস্থ্যব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, চিকিৎসা-নির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা-ভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের পথে এ বিনিয়োগ একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

অর্থনীতি ও সমাজেও ইতিবাচক প্রভাব : ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মারেক মোরা বলেন, নারীর স্বাস্থ্যে বিনিয়োগ শুধু ব্যক্তিগত কল্যাণ নয়, পরিবার ও সমাজের সামগ্রিক সক্ষমতা বাড়ায়। একই সঙ্গে এটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও সহায়ক ভূমিকা পালন করে।

তিনি জানান, ইউএনএফপিএ এবং তাদের উদ্ভাবনী প্লাটফর্ম ‘উইমেনএক্স কালেকটিভ’ এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়েও সংস্থাটি কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে। ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কিটা বলেন, নারীর স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অর্থায়ন ঘাটতি কাটিয়ে উঠতে এ উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে লাখ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে বাংলাদেশ।

স্বাস্থ্য খাতে বড় সংস্কারের রূপরেখা : স্বাস্থ্য খাতের চলমান সংস্কার কর্মসূচির অংশ হিসেবে সরকার জিডিপির ১ শতাংশ থেকে ধাপে ধাপে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় ৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার করেছে।

এ ছাড়া দেশব্যাপী ১ লাখ কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের ৮০ শতাংশই নারী। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির কারিগরি সহায়তার জন্য ইউএনএফপিএ অন্তত ২৫ মিলিয়ন ইউরো অনুদান সংগ্রহ করছে। জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এবং বেসরকারি খাতের বিভিন্ন অংশীদারও এ উদ্যোগে সহযোগিতা দিচ্ছে।

নতুন প্রত্যাশার বার্তা : স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নারীর স্বাস্থ্যসেবায় এ বিনিয়োগ বাংলাদেশের স্বাস্থ্য খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, ক্যানসার প্রতিরোধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে দেশের মানবসম্পদ বিকাশ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হবে।

বিশেষ করে ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবার আওতা বৃদ্ধি দেশের সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা