প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ২০:০৯ পিএম
ছবি: এআই
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩০০ জন রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক হালনাগাদ তথ্য থেকে এ কথা জানা গেছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগী খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৪১৪ জন ঢাকা বিভাগের। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে ভর্তি হয়েছেন ৩১৮ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৪ জন, বরিশালে ১৪১, রংপুরে ৮০, ময়মনসিংহে ৬৯ এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে রাজশাহী বিভাগে নতুন কোনো রোগী ভর্তি হননি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৫ হাজার ৪৫১ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৩৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে দেশে মোট ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩২ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ৬০ জন, চট্টগ্রাম ও বরিশালে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২১, রংপুরে ৬ এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।