দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৮১ জনের শরীরে নিশ্চিতভাবে রোগটি শনাক্ত হয়েছে। এ ছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৬৮ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ৮ অক্টোবর সকাল ৮টা থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন। তবে এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭।
এই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৯ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ছিলেন ১০৪ জন।