পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত সারা দেশে চলবে এ কর্মসূচি।
ক্যাম্পেইনের আওতায় মাঠপর্যায়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দেওয়া হবে।
সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিবার পরিকল্পনা সেবায় প্রবেশাধিকার ও সেবার মান বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) তথ্য অনুযায়ী, দেশে বিবাহিত নারীদের প্রায় ১২ শতাংশের পরিবার পরিকল্পনা সেবার অপূর্ণ চাহিদা রয়েছে। এ ছাড়া অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং ব্যবহৃত পদ্ধতি মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতাও রয়েছে।
নতুন কর্মসূচিতে তাই সামগ্রী বিতরণের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। এতে প্রত্যন্ত ও সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
এদিকে দেশে ক্যানসার চিকিৎসা সম্প্রসারণে নতুন ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন মন্ত্রী।