প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:০০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ১৮:০৩ পিএম
প্রতীকী ছবি।
দেশে একসঙ্গে হাম ও ডেঙ্গুর সংক্রমণে আক্রান্ত সংখ্যা ও মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। কোনভাবেই যেন থামছে না এই দুই রোগের প্রকোপ।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাম বা হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও ৬ জন। অর্থাৎ একদিনে দুই রোগে প্রাণ গেছে ১৪ জনের।
এ সময়ে হাম উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১০৯ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৪৩ জনের শরীরে। ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনই ঢাকা বিভাগের। তবে একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। নতুন করে নিশ্চিত হওয়া ৪৩ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৩৭ জন এবং রংপুর বিভাগের ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২১ হাজার ৬৬৬ জন।
এ সময়ে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২০ জনের এবং নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। হাম বা হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন; ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে- ৪০৭ জন। এরপর চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৮, বরিশালে ১৩৮, খুলনায় ৭৩, ময়মনসিংহে ৪৯, রংপুরে ৩৩ এবং রাজশাহীতে ২৭ জন।
অন্যদিকে, একই ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে মারা যাওয়া ৬ জনের মধ্যে ঢাকা জেলার ২ জন এবং চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, খুলনা ও সিরাজগঞ্জের একজন করে রয়েছেন। নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন আরও ১ হাজার ৬২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৫৬ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৬৩১ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে- ৩১৯ জন। খুলনায় ২৭৬, বরিশালে ২১৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৩১, রাজশাহীতে ১৩২, ময়মনসিংহে ৭৯ এবং রংপুরে ৬২ জন ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে নতুন রোগী ভর্তি হয়নি।
চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতিও গত বছরের তুলনায় বেশি বিস্তৃত। ২০২৫ সালের একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৮ হাজার ৪৯১ জন এবং মারা গিয়েছিলেন ২০২ জন। চলতি বছর একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৩৬৯ এবং মৃত্যু ২৫৬ জনে দাঁড়িয়েছে।