রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৮:১৮ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের জাতীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিক্যাল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া (এফবিএমএসএ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ সাউথ ওয়েলসের চিকিৎসক ডা. রশিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুইন্সল্যান্ডের ডা. গোলাম সারোয়ার।
গত ২৭ সেপ্টেম্বর সিডনিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম-২০২৬ অনুষ্ঠিত হয়। সেখানে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন এফবিএমএসএর নির্বাচন কমিশনার ডা. মো. ওয়াজিদ।
নতুন কমিটিতে ডা. মোহাম্মদ শহীদ রাজু জ্যেষ্ঠ সহসভাপতি, ডা. মাহফুজ চৌধুরী সহসভাপতি, ডা. মো. লুৎফর রহমান যুগ্ম সম্পাদক, ডা. ফারহানা রওশন খান কোষাধ্যক্ষ, ডা. সাতিলা জাফরিন শিক্ষা সম্পাদক, ডা. মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী সাংগঠনিক সম্পাদক এবং ডা. আশরাফ উল ইসলাম প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ডা. ময়েজুর রহমান, ডা. সাইদুল ইসলাম, ডা. নাজমুন নাহার, অ্যাসোসিয়েট প্রফেসর রেজা আলী, ডা. মিহির রায়, ডা. মোহাম্মদ নেজামউদ্দিন আহমেদ, ডা. তাশফীন আহমেদ ভূঁইয়া, ডা. মোহাম্মদ ইসলাম, ডা. মাজহার হক, ডা. মোহাম্মদ আহমেদুল্লাহ, ডা. ফাতিমা মুসরাত, ডা. আহমেদ তানভীর তাহের, ডা. মোহাম্মদ মাইনুল হাসান ও ডা. জান্নাতুল তাজরিন নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এফবিএমএসএ অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটোরিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্য ও দুটি টেরিটোরিতে প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক বসবাস ও কর্মরত রয়েছেন।
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশি চিকিৎসকদের পেশাগত, শিক্ষা, বৈজ্ঞানিক ও কমিউনিটিমুখী কার্যক্রম আরও সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা চিকিৎসকদের দেশটির স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা পেশায় প্রবেশের প্রক্রিয়ায় প্রয়োজনীয় দিকনির্দেশনা, পেশাগত নেটওয়ার্কিং ও মেন্টরশিপ কার্যক্রম জোরদারের পরিকল্পনাও রয়েছে।
পাশাপাশি অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের যোগাযোগ বাড়ানো এবং তাঁদের শিক্ষা, নেতৃত্ব ও পেশাগত বিকাশে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।
সংগঠনটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার চিকিৎসক, পেশাজীবী সংগঠন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে কাজ করছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা, জেনারেল প্র্যাকটিস, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং স্বাস্থ্যসেবার কারিগরি ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
নতুন নির্বাহী কমিটি অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত নেটওয়ার্ককে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার পাশাপাশি দুই দেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার সেতুবন্ধন তৈরির প্রত্যয় ব্যক্ত করেছে।