× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম ও ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, আক্রান্ত ২৪৯৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সারা দেশে একই সঙ্গে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে ৮ জন এবং সন্দেহজনক হামে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ডেঙ্গুতে ১ হাজার ৪৩২ জন এবং সন্দেহজনক হাম রোগী ৯৮০ জন ও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৩২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ২২৫ জন এবং বেসরকারি হাসপাতালে ২০৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ২৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪১, চট্টগ্রামে ২০৯ এবং বরিশালে ২০৪ জন ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২১৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫১ জন।

হামে আরও ৩ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৮৪ জন। সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছে।

গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন। এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৯৯ জন। এ সময় সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে সন্দেহজনক হামে মোট ৯৮৬ জন এবং নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৩২২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯৯ জন। চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত ৮৪ রোগীর মধ্যে ৫১ জন ঢাকা এবং ৩৩ জন চট্টগ্রাম বিভাগের।

এদিকে, হাম প্রতিরোধে ক্যাম্পেইন থেকে বাদ পড়া আরও ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিশেষ টিকাদান কর্মসূচি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

শনিবার রাজধানীর মহাখালীর কড়াইলের টিএন্ডটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ এপ্রিল থেকে তিন ধাপে টিকাদান কর্মসূচি শুরু হয়। ২০ এপ্রিল থেকে দেশব্যাপী তা জোরদার করা হয়। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে আরও ১০ লাখ টিকা সংরক্ষিত রাখা হয়েছে।

তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নিয়মিত টিকাদান কর্মসূচি কার্যকরভাবে চালু না থাকা এবং ভ্যাকসিন আমদানিতে দীর্ঘসূত্রতার খেসারত জাতিকে দিতে হয়েছে।

প্রায় এক হাজার শিশু হামে মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি শিশুর মৃত্যু সরকারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জার বিষয়।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করেছেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার নগর ভবনে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন। ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে ক্যাম্পেইনটি। এতে প্রায় ২ লাখ ৪ হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় আনা হবে। এর আগে ১৪ থেকে ২৪ সেপ্টেম্বরের অনুসন্ধানে ৩ হাজার ১১৫ জন বাদ পড়া শিশু শনাক্ত হয়; টিকা দেওয়া হয়েছে ২ হাজার ৮৮৪ জনকে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা