প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১০ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে রোগটিতে ল্যাব-নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গ নিয়ে এবং ১১৩ জন নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এই পরিস্থিতি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য দেরিতে পৌঁছানোর কারণে গত ২১ তারিখের অপ্রকাশিত চারটি মৃত্যু আজকের বিজ্ঞপ্তিতে একত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিভাগ ও জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ঢাকাতেই সবচেয়ে বেশি। এই সময়ে হামের উপসর্গে ঢাকা বিভাগে ৬ জন এবং ঢাকা জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যবধি (২৩ সেপ্টেম্বর) দেশে হামের উপসর্গ নিয়ে মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত শনাক্ত হয়েছেন ২০ হাজার ৮৫১ জন।
একই সময়ে (১৫ মার্চ থেকে) হামের উপসর্গে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। আর রোগটিতে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।
এদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।