‘ছুটি’ শেষে স্বরূপে ডেঙ্গু। ছবি: সংগৃহীত
দেশের হাসপাতালগুলোতে টানা কয়েক মাস ধরেই চাপ বাড়ছে ডেঙ্গু রোগীর। রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের প্রায় সব অঞ্চলের অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নেওয়া এখন প্রতিদিনের চিত্র। এর মধ্যেই শুক্রবার এলেই সরকারি তথ্যের খাতায় হঠাৎ ডেঙ্গুর তাণ্ডব উধাও হয়ে যায়; যেন একপশলা স্বস্তি ফেরে। তবে শুক্রবারের এ ‘অলৌকিক’ স্বস্তি পেরিয়ে শনিবার আসতেই পরিসংখ্যানে দৃশ্যমান হয় ডেঙ্গুর প্রকৃত ভয়াবহতা।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে দেশে মারা গেছে ২ জন ও নতুন করে ১ হাজার ২৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অথচ ঠিক তার আগের দিন শুক্রবারের তথ্যে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল মাত্র ৭৪৭ জনে ও মৃত্যুর সংখ্যা দেখানো হয়েছিল শূন্য। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সরকারি তথ্যে ডেঙ্গুর এই অস্বাভাবিক উল্লম্ফন স্বাস্থ্য খাতের পরিসংখ্যানের অভ্যন্তরীণ দুর্বলতা ও সমন্বয়হীনতাকেই স্পষ্ট করে।
‘উইকেন্ড ইফেক্ট’ ও তথ্যের কৃত্রিম ঘাটতি
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই প্রতি সপ্তাহে এই ধরনের বিভ্রান্তিকর চিত্র। চলতি মাসের ১২ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয় দিনে সারা দেশে প্রতিদিন গড়ে প্রায় ১,৫৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয় ও দৈনিক গড়ে প্রায় ৫ দশমিক ৮ জন (প্রায় ৬ জন) মানুষ প্রাণ হারায়। এর মধ্যে ১২ সেপ্টেম্বর আক্রান্ত ১,০৫৬ জন (মৃত্যু ২), ১৩ সেপ্টেম্বর ১,৫৬১ জন (মৃত্যু ৬), ১৪ সেপ্টেম্বর ১,৭৩৩ জন (মৃত্যু ৮), ১৫ সেপ্টেম্বর ১,৫৯৩ জন (মৃত্যু ৭), ১৬ সেপ্টেম্বর ১,৭৫৩ জন (মৃত্যু ৭) ও ১৭ সেপ্টেম্বর ১,৪৮৪ জন (মৃত্যু ৫) আক্রান্ত হন। এই ছয় দিনে মোট ৯,১৮০ জন ভর্তি হয় ও ৩৫ জন মারা যায়। কিন্তু ১৮ সেপ্টেম্বর শুক্রবার আসতেই তা একলাফে কমে ৭৪৭ জনে দাঁড়ায়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ‘উইকেন্ড ইফেক্ট’ বা তথ্যের গোলযোগ (ডেটা নয়েজ) হিসেবে বর্ণনা করেছেন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা ২৪ ঘণ্টা চালু থাকলেও তথ্য সংগ্রাহক ও এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখায় তথ্য পাঠানোর দায়িত্বে নিয়োজিত কর্মীরা শুক্রবারে ছুটিতে থাকেন বা সীমিত পরিসরে কাজ করেন। ফলে শুক্রবারে কৃত্রিম তথ্যঘাটতি তৈরি হয় এবং বকেয়া হিসাবগুলো শনি বা রবিবারে যুক্ত হয়ে পরিসংখ্যানে হঠাৎ লাফ দেখা যায়।
মাঠপর্যায়ে রোগীর হাহাকার ও জেলাগুলোর চিত্র
সরকারি নথিপত্রে তথ্যের ওঠানামা যাই থাকুক না কেন, মাঠপর্যায়ে ডেঙ্গুর তাণ্ডব মারাত্মক রূপ ধারণ করেছে। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার খুলনা অফিস থেকে মাশরুর মুর্শেদ জানান, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চরম বিপর্যয় দেখা দিয়েছে। ৫০০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার চারগুণেরও বেশি অর্থাৎ প্রায় ২ হাজার রোগী ভর্তি রয়েছে, যার ফলে মেঝে ছাড়িয়ে রোগীদের হাসপাতালের বাইরে অবস্থান নিতে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন করে ৯৩ জন ভর্তি হয়েছে, যার মধ্যে খুমেক হাসপাতালেই ৮০ জন ভর্তি হয় ও ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল শনিবার থেকে খুমেক হাসপাতালে ৩০ শয্যার নতুন ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবীর জানান, গোপালগঞ্জে চলতি মৌসুমে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্ণব ধর (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়। জেলায় ২৪ ঘণ্টায় আরও ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে ও বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১০০ জন চিকিৎসাধীন।
মধ্যাঞ্চল অফিসের সাইফুল হক মোল্লা দুলু জানান, কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১৬ জন। চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮৮ জনে। অন্যদিকে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারণে ডেঙ্গু রোগীদের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে প্রতিদিন ৪০ থেকে ৭০ জন রোগী সেবা নিতে আসছে।
এই বিচ্ছিন্ন চিত্রগুলো আসলে একটি বৃহত্তর চাপেরই প্রতিচ্ছবিÑ সরকারি দৈনিক সংখ্যার ওঠানামার বাইরে দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালগুলো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
থামছে না হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু
ডেঙ্গুর এমন পরিস্থিতির মধ্যে ভয়ানক সংক্রামক রোগ হামের দীর্ঘস্থায়ী প্রকোপও রয়েছে অব্যাহত। ফলে একই সময়ে দুটি সংক্রামক রোগের চাপ এসে পড়ছে হাসপাতাল ব্যবস্থার ওপর। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৯৪১ জন নতুন সন্দেহজনক হাম রোগী এবং ৭৯ জন ল্যাবরেটরি-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
নতুন পাঁচ মৃত্যু নিয়ে চলতি বছরে হাম সংশ্লিষ্ট নিশ্চিত ও সন্দেহজনক মৃত্যুর সম্মিলিত সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে সন্দেহজনক মৃত্যু ৯৫২ ও ল্যাবরেটরি-নিশ্চিত মৃত্যু ১০১। একই সময়ে সন্দেহজনক রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ ও নিশ্চিত রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৪।
১৫ মার্চ থেকে হিসাব ধরে এখন পর্যন্ত সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে; তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। অর্থাৎ ডেঙ্গু ও হাম দুই রোগের ক্ষেত্রেই একই সময়ে বিপুলসংখ্যক রোগী হাসপাতালমুখী হচ্ছেন। ফলে সংক্রামক রোগ মোকাবিলায় হাসপাতালের সক্ষমতা, শয্যা, জনবল ও নির্ভুল নজরদারিÑ সবকিছুর ওপরই বাড়তি চাপ তৈরি হচ্ছে।
চট্টগ্রামে হামে ২৪ ঘণ্টায় আরও ৭৬ জন ভর্তি, মৃত্যু ১
এদিকে চট্টগ্রামেও পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে নতুন করে মৃত্যুর ঘটনা ঘটছে ও হাসপাতালে সন্দেহজনক হাম রোগীর চাপ অব্যাহত রয়েছে। ফলে ডেঙ্গুর পাশাপাশি হাম নিয়েও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বাড়ছে চাপ। চট্টগ্রাম অফিস থেকে তারাচরন টিপু জানান, চট্টগ্রামে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে মারা গেছে একজন। এ নিয়ে জেলায় এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। শনিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, জেলায় এ পর্যন্ত সন্দেহজনক হামে ৮ হাজার ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩০৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৩ জন; এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৮৯১ জন।