বাংলাদেশ শিশু হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে রোগীদের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হাম ও ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৭০ জন।
হাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে শনিবার বিকালে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৫২ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে মোট ১০১ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৫৩ শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৭৯ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে, আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪১। এই সময়ে ৮৩৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৬২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৬৬৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৪৭৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
ডেঙ্গু
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন করে মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬০ হাজার ৩৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে ৫৬ হাজার ৭০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।