সৌরভ হোসেন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫১ পিএম
অলঙ্করণ: প্রতিদিনের বাংলাদেশ
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা একজন মুমূর্ষু রোগীর জন্য শেষ আশ্রয়স্থল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল। কিন্তু দেশের সবচেয়ে বড় এই সরকারি চিকিৎসাকেন্দ্রে পা রাখতেই রোগীর স্বজনদের মুখোমুখি হতে হয় এক নিষ্ঠুর বাস্তবতার। প্রিয়জনকে বাঁচানোর লড়াইয়ের চেয়েও এখানে বড় হয়ে দাঁড়ায় পদে পদে টাকা গোনার লড়াই। প্রবেশমুখের হুইলচেয়ার থেকে শুরু করে আইসিইউ বিছানাÑ সবকিছুতেই যেন অদৃশ্য এক মূল্যের ট্যাগ ঝুলছে। টাকা দিলে জাদুর মতো মিলে যায় কাঙ্ক্ষিত কেবিন বা আইসিইউ; আর টাকা না দিলে বারান্দার মেঝেতেও ঠাঁই মেলে না। এমনকি রোগীর শরীরে একটি স্যালাইন বা শ্বাসনালিতে নল পরাতেও পকেট ভারী করতে হয় ওয়ার্ড বয়দের।
সরকারি এই হাসপাতালে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার অসহায় মানুষ ছুটে আসেন স্বল্প খরচে উন্নত চিকিৎসার আশায়। অথচ হাসপাতালটির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া দালাল ও অসাধু কর্মচারীদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছে চিকিৎসাসেবার মহান ব্রত।
আইসিইউ যেন সোনার হরিণ
ঢাকা মেডিকেলে একটি আইসিইউ বেড পাওয়া সব সময়ই ভাগ্যের ব্যাপার। এই সংকটের সুযোগ নিয়েই গড়ে উঠেছে রমরমা বাণিজ্য। গত ১৩ সেপ্টেম্বর অসুস্থ বাবাকে নিয়ে চরম সংকটে পড়েছিলেন প্রান্ত নামের এক যুবক। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বাবাকে নিয়ে আইসিইউর সামনে যাওয়ার পর চিকিৎসকরা জানান, কোনো বেড ফাঁকা নেই। আমরা যখন হতাশ হয়ে ফিরে আসছিলাম, তখনই দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য হাবিব এসে ফিসফিস করে জানানÑ কিছু টাকা দিলে একটি বেড ম্যানেজ করে দেওয়া যাবে। নিরুপায় হয়ে হাবিবকে এক হাজার টাকা দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই জাদুর মতো একটি বেড ফাঁকা হয়ে যায়”।
প্রান্তর অভিযোগ এখানেই শেষ নয়। তিনি জানান, আইসিইউতে যাওয়ার পর বাইরে থেকে হাজার টাকার চিকিৎসাসামগ্রী কিনে আনার পরও রোগীর শরীরে সেগুলো পরিয়ে দেওয়ার জন্য এক ওয়ার্ড বয়কে আরও ৩০০ টাকা বকশিশ দিতে বাধ্য হয়েছেন তারা। প্রান্তর মতে, “আইসিইউর ভেতরের চিত্র এটি। সাধারণ ওয়ার্ডে একটি ভালো বেড ৪০০ টাকা এবং বারান্দায় একটি সিট পেতে হলেও ২০০ থেকে ৩০০ টাকা দিতে হয়”।
বারান্দার জায়গাও বিক্রি হয় টাকার বিনিময়ে
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডেই বেড সংকট একটি নৈমিত্তিক চিত্র। গুরুতর রোগী নিয়ে স্বজনরা যখন এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে হন্যে হয়ে ছোটেন, তখনই দেবদূতের বেশে হাজির হন কিছু অসাধু কর্মচারী। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন তার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “সকাল থেকে একটি বেডের জন্য সারা হাসপাতাল ঘুরেছি। নার্স ও ওয়ার্ড বয়রা সাফ জানিয়ে দেনÑ কোনো বেড খালি নেই। পরে এক পুরনো রোগীর স্বজন আমাকে বুদ্ধি দেন টাকা ছড়ানোর। বাধ্য হয়ে এক ওয়ার্ড বয়কে ৩০০ টাকা দেওয়ার পর সে বারান্দায় একটি বেডের ব্যবস্থা করে দেয়”।
সরকারি ট্রলি, ‘মালিক’ বহিরাগত নারী
শুধু বেড বা আইসিইউ নয়, রোগীকে জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে নেওয়ার জন্য হুইলচেয়ার বা ট্রলি পেতেও গুনতে হয় টাকা। সড়ক দুর্ঘটনায় আহত ভাইকে নিয়ে চিকিৎসা নিতে আসা মোরসালিন সেই অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন। তিনি জানান, ভাইকে ওয়ার্ডে নেওয়ার জন্য একটি হুইলচেয়ার আনতে গেলে এক বহিরাগত নারী পথ আটকে দাঁড়ান। তিনি হুইলচেয়ারটি ব্যবহারের জন্য ৫০০ টাকা দাবি করেন।
মোরসালিন বলেন, “আমি তাকে বললাম, এটি তো সরকারি হাসপাতাল, রোগীদের জন্য এই চেয়ার বরাদ্দ। তখন ওই নারী ধমক দিয়ে বলেন- এই চেয়ার তিনি বাইরে থেকে কিনে এনেছেন, টাকা ছাড়া নেওয়া যাবে না। নিরুপায় হয়ে ৪০০ টাকার বিনিময়ে ভাইকে ওয়ার্ডে নিয়ে আসি। হাসপাতালের ভেতরে দায়িত্ব পালন করা আনসার সদস্যদের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি, তারা পাত্তাই দেননি”।
যা বলছে কর্তৃপক্ষ
ঢাকা মেডিক্যালের আইসিইউ ও বেড নিয়ে এমন অভিযোগ নতুন নয়। এর আগে ২০২৫ সালের একটি অনুসন্ধানী প্রতিবেদনেও হাসপাতালটিতে তৃতীয় পক্ষের মাধ্যমে আইসিইউ বেড ‘ম্যানেজ’ করার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। জরুরি বিভাগ থেকে ওয়ার্ডÑ প্রায় প্রতিটি ধাপেই কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। সরকারি ফি-তালিকায় বিভিন্ন বেড ও কেবিনের জন্য নির্দিষ্ট হার থাকলেও দালালদের মাধ্যমে আদায় করা এই অবৈধ অর্থের গন্তব্য কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “এসব অনিয়মের বিষয়ে আমরা অবগত আছি। আমি নিজে ও আমার প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন সময় ছদ্মবেশে অভিযান পরিচালনা করি। হাতেনাতে ধরতে পারলে তাদের ৬ থেকে ৭ সপ্তাহ পর্যন্ত শাস্তির আওতায় আনা হয়। যারা এই অমানবিক বাণিজ্যের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না”।
স্বচ্ছতার দাবি ও ডিজিটাল ব্যবস্থার তাগিদ
একজন দিনমজুর, রিকশাচালক কিংবা গ্রামের কৃষক যখন শেষ সম্বল নিয়ে ঢাকা মেডিক্যালে আসেন, তখন এক হাজার বা কয়েকশ টাকাও তার কাছে অনেক বড় অঙ্ক। টাকা ছাড়া চিকিৎসা না পাওয়ার এই অলিখিত নিয়ম সরকারি চিকিৎসাসেবার সমতার নীতিকেই ভেঙে চুরমার করে দিচ্ছে।
ভুক্তভোগী রোগী ও স্বজনরা এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন, শুধু অভিযান চালিয়ে বা কয়েকজনকে শাস্তি দিয়ে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। হাসপাতালের প্রতিটি বেড, কেবিন ও আইসিইউ বরাদ্দের প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ করতে হবে। কোন রোগী কখন বেড পেলেন, কেন পেলেন এবং অপেক্ষমাণ তালিকায় কতজন আছেনÑ এসব তথ্য কেন্দ্রীয় মনিটরিং স্ক্রিনে প্রদর্শিত হলে অনিয়মের সুযোগ এমনিতেই বন্ধ হয়ে যাবে।