প্রবা প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৬ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হাম ওয়ার্ডের বিছানায় শুয়ে আছে ছয় মাস বয়সী সাবিনা ইসলাম আরোহী। চারপাশে কে আছে, কী হচ্ছে তার শরীরে, কিছুই জানে না সে। শুধু জানে, শরীরজুড়ে অসহ্য জ্বালা আর দমবন্ধ কাশি। কোলে জড়িয়ে বসে থাকা মা নাসরিন আক্তারের চোখেমুখে তখন উৎকণ্ঠা।
তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “প্রায় ১০-১৫ দিন আগে ওর জ্বর ও কাশি হয়েছিল। মাঝে কিছুদিন একটু ভালো হলেও এখন আবার সমস্যা বেড়ে গেছে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তিন দিন আগে মেয়েকে চমেক হাসপাতালে ভর্তি করি।”
পাশের বিছানায় শুয়ে থাকা শিশু নিশাতের বয়স মাত্র সাত মাস। গত ১৩ সেপ্টেম্বর ফেনীর সোনাগাজী থেকে তাকেও আনা হয় চমেক হাসপাতালে। নিশাতের মা রুকাইয়া আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “মূল সমস্যা ছিল সর্দি, কাশি এবং নিউমোনিয়া হয়ে গিয়েছিল। আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছে সে, তবে ঝুঁকি এখনও কাটেনি।”
আরোহী আর নিশাত দুজনেরই বয়স ৯ মাসের কম। অর্থাৎ হামের প্রথম টিকা নেওয়ার বয়সই তাদের এখনও হয়নি। অথচ এই বয়সেই তারা আক্রান্ত হয়ে গেছে এমন একটি রোগে, যা টিকা দিয়ে ঠেকানো সম্ভব ছিল।
চমেক হাসপাতালের হাম ওয়ার্ডে এখন এমন দৃশ্যই প্রতিদিনের চিত্র। সদ্যপ্রকাশিত একটি গবেষণা বলছে, হাসপাতালে ভর্তি হওয়া হাম আক্রান্ত শিশুদের প্রায় ৪৬ শতাংশের বয়স ছিল ৯ মাসের নিচে। তারা রোগে আক্রান্ত হয়েছে টিকা নেওয়ার বয়সে পৌঁছানোর আগেই।
সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ হিসাব বলছে, গতকাল বুধবার পর্যন্ত শুধু চট্টগ্রাম জেলাতেই হামে সন্দেহভাজন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ২ জন শিশু, বর্তমানে চিকিৎসাধীন ২৮৮ জন। শনাক্ত রোগী ৭৪৩ জন। সন্দেহভাজন হামে মৃত্যু ১৭ জন, নিশ্চিত মৃত্যু তিনটি।
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪৪ জন। আর এ সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৪।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮১ জনের। এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২০ হাজার ২৮২।
হামের প্রাদুর্ভাবের মধ্যেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ‘Measles Outbreak 2026 in Southern Bangladesh’ শীর্ষক গবেষণার ফলাফল। যেখানে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি ৩০০ শিশুর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আক্রান্তদের ৮৫ শতাংশই কোনো টিকা পায়নি। এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ARF) তৃতীয় মেজর রিসার্চ ইনিশিয়েটিভ হিসেবে এই গবেষণা পরিচালিত হয়। বুধবার এ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগে হাম প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৯ দফা সুপারিশ তুলে ধরেছে গবেষক দল।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে, নিয়মিত হামের টিকাদান কভারেজ ৯৫ শতাংশের বেশি করা; গ্রামীণ ও সুবিধা-বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক টিকাদান কর্মসূচি; বাদ পড়া শিশু শনাক্তে হাউস-টু-হাউস ভ্যাকসিনেশন; টিকাদানের বয়সের আগের শিশুদের জন্য দ্রুত কেস আইডেন্টিফিকেশন ইত্যাদি।
সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি ছিল নীতিনির্ধারকদের জন্য বিদ্যমান ইপিআই শিডিউল পুনর্বিবেচনা করে আউটব্রেক প্রেক্ষাপটে ৬ মাস বয়সে এমআর ভ্যাকসিনেশনের সম্ভাবনা এবং মাতৃ ইমিউনিটি বৃদ্ধির জন্য ১৫-৪৫ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এমআর বা এমএমআর ভ্যাকসিনেশনের বিষয়টি বিবেচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রায় অর্ধেক শিশু নিয়মিত টিকাদানের বয়সে পৌঁছানোর আগেই হামে আক্রান্ত হয়েছে। তাই শুধু টিকাদান নয়, সময়মতো টিকাদান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।
কেন টিকা পায়নি শিশুরা
টিকার বয়স হওয়ার পরেও যারা টিকা নেয়নি তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ ৫২ শতাংশ ক্ষেত্রেই অভিভাবকের অসচেতনতা বা তারিখ ভুলে যাওয়া। ৩০ শতাংশ শিশু টিকার দিন অসুস্থ থাকায় বাদ পড়ে। ৮ শতাংশ মায়ের অসুস্থতার কারণে, ৪ শতাংশ টিকার ভয়ে এবং ৪ শতাংশ কার্ড হারিয়ে ফেলায়। পুষ্টিহীনতাও জটিলতার বড় কারণ। আক্রান্তদের ৩০ শতাংশ শিশু ছিল মারাত্মক অপুষ্টির শিকার, তারাই সবচেয়ে বেশি গুরুতর জটিলতায় ভুগেছে।
চমেকের শিশুস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডা. কামরুন নাহার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভ্যাকসিনের আওতার বাইরে থাকা ৪৬ শতাংশ বাচ্চার বয়স ছিল ৯ মাসের কম। মায়ের অ্যান্টিবডি থাকায় ৯ মাসের কম বয়সের বাচ্চাদের আসলে হামে আক্রান্ত হওয়ার কথা না। গবেষণায় আমরা দেখিয়েছি, মায়ের অ্যান্টিবডি পজিটিভ থাকা সত্ত্বেও বাচ্চার হাম হয়েছে।
প্রাদুর্ভাবকালে ছয় মাস বয়সেই এমআর টিকা দেওয়ার সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, “কম্বোডিয়া, কলম্বিয়া, সাউথ আফ্রিকার মতো দেশে আউটব্রেকের সময় ছয় মাসেই টিকা দেওয়া হয়। তবে এটি বাস্তবায়নে বিশাল ফান্ডিং দরকার।”
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, “আমরা যদি স্ট্রিক্টলি আইসোলেশন মেইনটেইন করতে পারি এবং ভ্যাকসিনেশন কার্যক্রম ঠিক রাখতে পারি, তাহলে কোভিডের মতো এটাও কমে আসবে।”
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেন, বিভাগে প্রায় ৮২ লাখ শিশুর টিকার লক্ষ্যমাত্রা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আরও চার লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। তারপরও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসেনি। চার বছর পর পর হওয়ার কথা থাকা ভ্যাকসিনেশন ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন যথাসময়ে করা যায়নি। আগামী ২৫ তারিখ থেকে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সীদের জন্য নতুন ক্যাম্পেইন শুরুর কথাও জানান তিনি।