× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামে মুখের ভাষা হারিয়ে ফেলেছে ছোট্ট মারিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৭ এএম

হাম আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে মারিয়া। তিন বছর বয়সী শিশুটিকে শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাম আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছে মারিয়া। তিন বছর বয়সী শিশুটিকে শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একসময় মায়ের ডাক শুনলেই ছুটে আসত ছোট্ট মারিয়া। তিন বছরের শিশুর মুখে ফুটত টুকটুক করে কথা, হাসিতে ভরে উঠত ঘর। সেই হাসির আভাস এখনও আছে  কিন্তু মুখে কোনো শব্দ নেই। যে বয়সে মায়ের হাত ধরে পা ফেলে পৃথিবীটাকে চিনে নেওয়ার কথা, সেই বয়সে এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছে সে। নিজের পায়ে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, ঠিকমতো বসতেও পারে না।

মেয়ের নিথর শরীরের দিকে তাকিয়ে তাই মায়ের চোখে এখন শুধু উৎকণ্ঠা। স্বামী পরিত্যক্তা পারুল আক্তার একাই লড়ছেন মেয়েকে নিয়ে। চিকিৎসার জন্য ইতোমধ্যে প্রায় ৬০ হাজার টাকা ধার করেছেন। সামনে আরও কত খরচ হবে, কীভাবে সেই টাকা জোগাড় করবেনÑ জানেন না। তবু মেয়ের হাত ছাড়েননি তিনি।

প্রায় ২০ দিন আগে টাঙ্গাইলের মধুপুরের বাড়িতে হামে আক্রান্ত হয়েছিল মারিয়া। স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলার পর জ্বর ও শরীরের লালচে দাগ কমে যায়। কিন্তু জ্বর কমার পরই শুরু হয় নতুন সংকট। ধীরে ধীরে চলাফেরার শক্তি হারাতে থাকে শিশুটি। এরপর হারিয়ে যায় কথাও। একপর্যায়ে খিঁচুনি ও অচেতন হয়ে পড়ার পর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে থাকেন মা। বর্তমানে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারিয়া।

গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের বেডে মেয়ের পাশে বসেছিলেন পারুল। পরম মমতায় নিজের হাত দিয়ে ধরে রেখেছিলেন মেয়ের পা। মারিয়া তাকিয়ে ছিল মায়ের দিকে। চোখে যেন হাসির ছায়া কিন্তু সেই চোখের ভাষা মুখে এসে আর শব্দ হয়ে ফুটছে না।

হাম থেকে এমন জটিলতা হতে পারে

মারিয়ার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঘটনা সম্পর্কে জানতে চাইলে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, হাম একটি ভাইরাসজনিত রোগ। হামের বিভিন্ন জটিলতা হতে পারে। এর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া ও অপুষ্টির মতো সমস্যা দেখা দিতে পারে। তবে গুরুত্বপূর্ণ একটি জটিলতা হলো হাম থেকে মস্তিষ্কে সংক্রমণ বা প্রদাহ হওয়া, যাকে এনকেফালাইটিস বলা হয়। মারিয়ার ক্ষেত্রে হামজনিত জটিলতার কারণে মস্তিষ্কে সংক্রমণ হয়ে কথা বলার সঙ্গে সংশ্লিষ্ট অংশে সমস্যা হয়েছেÑ এমনটি হতে পারে। তবে আমি রোগীকে সরাসরি দেখিনিÑ তাই এটি নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তিনি বলেন, হাম ভালো হয়ে যাওয়ার পরও বিরল ক্ষেত্রে মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে। SSPE (Subacute Sclerosing Panencephalitis) নামের একটি জটিলতাও হতে পারে, যেখানে মস্তিষ্ক আক্রান্ত হয়। মারিয়ার ক্ষেত্রে কী কারণে এমন হয়েছে, তা চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে।

মারিয়া সুস্থ হয়ে উঠতে পারবে কি না? এ প্রশ্নের জবাবে অধ্যাপক আবদুল্লাহ বলেন, এটি কঠিন একটি অবস্থা। তবে চেষ্টা করতে হবে। বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়। নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও উপসর্গভিত্তিক ও সহায়ক চিকিৎসা এবং ফিজিওথেরাপির মাধ্যমে উন্নতির সম্ভাবনা থাকে।

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ শিশুর প্রাণ গেল। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৯৭, চট্টগ্রামে ২৮১, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯৮ এবং রংপুরে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২০১ জন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা