প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান রবিবার রাজধানীর নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।
রবিবার রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ মেলার আয়োজন করে।
ডা. জুবাইদা রহমান বলেন, অনেক মানুষ শারীরিক অসুস্থতা জটিল আকার ধারণ করার পর বিশেষায়িত হাসপাতালে যান। বাড়ির কাছাকাছি প্রয়োজনীয় চিকিৎসাসেবা না থাকায় তাদের দূর-দূরান্তে যেতে হয়। অন্যদিকে আধুনিক ও উচ্চতর চিকিৎসাসেবা ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়; বিশ্বের অনেক উন্নত দেশও একই চ্যালেঞ্জের মুখোমুখি।
তিনি বলেন, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’এ কথা সত্য। তবে রোগ ও এর ঝুঁকি মারাত্মক পর্যায়ে পৌঁছানোর আগেই তা শনাক্ত করা জরুরি। এজন্য প্রত্যন্ত গ্রাম পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে, যাতে দেশের প্রতিটি মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন।
ডা. জুবাইদা বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। হাম আক্রান্ত শিশুর বাবা-মায়েরও বাড়ির কাছেই চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ থাকতে হবে। প্রতিটি স্ক্রিনিং কর্মসূচির সঙ্গে নিশ্চিত রোগ নির্ণয়, পরামর্শ, চিকিৎসা, ওষুধ, পর্যবেক্ষণ ও রেফারেলের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, আয়, অবস্থান বা সামাজিক মর্যাদা- কোনোটিই মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, বাড়ির কাছাকাছি চিকিৎসা পৌঁছে দেওয়া, প্রতিরোধমূলক কর্মসূচি সম্প্রসারণ, স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো এবং ধীরে ধীরে স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা স্বাস্থ্যব্যবস্থার রূপান্তরে গুরুত্বপূর্ণ মানবিক ভিত্তি তৈরি করতে পারে। এতে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসব স্বাস্থ্যকর্মী কমিউনিটিতে স্ক্রিনিং, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা, দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা ও রেফারেলের কাজে সহায়তা করতে পারেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বিশেষ অতিথি ছিলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ কে আজাদ খান।
প্যানেল আলোচনায় অংশ নেন ডিজিডিএ মহাপরিচালক আলমগীর হোসেন, বাপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম মোসাদ্দেক হোসেন, টিএমএসএসের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মতিউর রহমান, ডিজিডিএ পরিচালক ডা. মো. আকতার হোসেন, ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের মেডিক্যাল সার্ভিসেস পরিচালক ডা. আজহারুল ইসলাম খান এবং এসকেজেন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সাদাফ সাজ সিদ্দিকী।