× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইজারের করোনা ওষুধ তৈরি করতে মরিয়া চীন

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৭:৫৫ পিএম

২২ জানুয়ারির মধ্যে ফাইজারের করোনার মুখের খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড নিজ দেশে তৈরির চুক্তি সম্পন্ন করতে চায় চীন। ফাইজারের লোগোর ইলাস্ট্রেশন। ছবি: সংগৃহীত

২২ জানুয়ারির মধ্যে ফাইজারের করোনার মুখের খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড নিজ দেশে তৈরির চুক্তি সম্পন্ন করতে চায় চীন। ফাইজারের লোগোর ইলাস্ট্রেশন। ছবি: সংগৃহীত

করোনা মোকাবিলায় নিজেদের টিকা ছাড়া অন্য টিকার অনুমোদন না দেওয়ায় চীনের সমালোচনা রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ে বর্তমানে দিশেহারা চীন বিদেশি ওষুধ নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের করোনার মুখে খাওয়ার ওষুধ নিজ দেশে তৈরি করতে চুক্তি করতে যাচ্ছে চীন। 

সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বরে রক্ষণশীল ‘শূন্য করোনা’ নীতি থেকে সরে আসে চীন। কঠোর সব বিধিনিষেধ প্রত্যাহারের পর থেকে দেশটিতে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। 

এ অবস্থায় ফাইজারের মুখে খাওয়ার করোনার ওষুধ প্যাক্সলোভিড নিজ দেশে তৈরি ও বণ্টনের জন্য আলোচনা শুরু করেছে চীন। ওষুধটির জেনেরিক ভার্সনের লাইসেন্স পেতে গত মাসে ফাইজারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেন দেশটির ন্যাশনাল মেডিকেল প্রডাক্টস অ্যাডমিনিস্ট্রেশনের (এনএমপিএ) কর্মকর্তারা। 

আলোচনা অনেক দূর এগিয়েছে। নতুন চন্দ্রবর্ষ শুরুর আগে ২২ জানুয়ারির মধ্যে ফাইজারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চায় চীন। 

২০২১ সালের ডিসেম্বর প্যাক্সলোভিডের জরুরিভিত্তিক ব্যবহার অনুমোদন করে যুক্তরাষ্ট্র। করোনার লক্ষণ শনাক্তের সঙ্গে সঙ্গে ওষুধটি খেলে হাসপাতালে ভর্তির ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমে। ফলে দেশবিদেশে ওষুধটির চাহিদা বাড়তে থাকে। 

ফাইজারের সঙ্গে আলোচনা সম্পর্কে জানতে এনএমপিএ ও চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি রয়টার্স। 

তবে ফাইজারের এক মুখপাত্র বলেন, ‘হ্যাঁ প্যাক্সলোভিডের লাইসেন্স নিয়ে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্য পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। তা ছাড়া প্যাক্সলোভিডের ওষুধ চীনে রপ্তানির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। 

চীনের বর্তমান পরিস্থিতি

এপির এক প্রতিবেদনে বলা হয়, চীনা জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৬৮১ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশটির মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮২ হাজার ৫৭ জন। 

পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ তিনজন নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৬৭ জন। কিন্তু আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করেন পশ্চিমা বিশেষজ্ঞরা।

সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ

চীনা সরকারের করোনা নীতির সমালোচনা করায় ইতোমধ্যে ১ হাজার ১২০ জনের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। সরকারের তোপের মুখে পড়া সবাই দেশটির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘সিনা ওয়েইবো’র ব্যবহারকারী। 

বেইজিংয়ের একটি হাসপাতালের বেঞ্চে বসে এক ব্যক্তিকে স্মার্টফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে। ৭ জানুয়ারি। ছবি: সংগৃহীত 

সিনা ওয়েইবো সম্প্রতি ১২ হাজার ৮৫৪ জন ব্যবহারকারী শনাক্ত করেছেন, যারা বিভিন্ন সময়ে চীনা স্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীর নিন্দা করেছেন। সমালোচনা করেছেন সরকারের করোনা নীতির।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা