প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪১ এএম
প্রতীকী ছবি
হামের দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। একদিকে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর মিছিল, অন্যদিকে প্রতিদিন হাজারের বেশি ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তিÑ দুই রোগের যুগপৎ সংক্রমণে বাড়ছে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক সপ্তাহে হাম ও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে ২৮ জন এবং ডেঙ্গুতে ৩০ জন মারা গেছেন।
৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগী হিসেবে ৩৬৫ জন হাসপাতালে ভর্তি হলেও সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭ হাজার ৫৩৩ জন। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ২৪৪ জন। অর্থাৎ মাত্র সাত দিনে দুই রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৭৭ জন।
উদ্বেগ আরও বাড়াচ্ছে সর্বশেষ ২৪ ঘণ্টার চিত্র। ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত হাম ও ডেঙ্গুতে মারা গেছেন আরও ৯ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭ জন এবং ডেঙ্গুতে ২ জন। এ সময়ে দুই রোগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন; বিপরীতে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬৭৫ জন। অর্থাৎ এক দিনে হাসপাতাল ছেড়েছেন যতজন, তার চেয়ে ১৯৭ জন বেশি রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮১৬ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩১ জন এবং ছাড়পত্র পেয়েছেন ৬২১ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৬৩৮। হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৬ জন এবং ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ২০২ জন।
দীর্ঘস্থায়ী এই প্রাদুর্ভাবে মৃত্যুও উদ্বেগজনক। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯১৯ জন। এর বাইরে নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ১০০ জনের। দুই শ্রেণির হিসাব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯।
দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৩৮, চট্টগ্রামে ২০০, সিলেটে ১২১, বরিশালে ৬০, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১, রাজশাহীতে ২৫ এবং রংপুরে ৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ঢাকায় ৫, চট্টগ্রামে ১ এবং খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে ডেঙ্গুতেও পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৪ জন। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ২৭৬ জন; মৃত্যু হয়েছে ১৪৩ জনের এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ হাজার ৬৯৯ জন।
গত এক সপ্তাহে ডেঙ্গুতে ভর্তি হয়েছেন যথাক্রমে ৬ সেপ্টেম্বর ১ হাজার ৫৫৮, ৭ সেপ্টেম্বর ১ হাজার ২৩৩, ৮ সেপ্টেম্বর ১ হাজার ৫৭১, ৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৬৩, ১০ সেপ্টেম্বর ১ হাজার ৪৯২, ১১ সেপ্টেম্বর ৭৯০ এবং ১২ সেপ্টেম্বর ১ হাজার ৫৬ জন। ৮ সেপ্টেম্বর একদিনেই মারা যান ৯ জন।
দুই রোগের প্রকোপ আলাদা হলেও চাপের কেন্দ্র একইÑ হাসপাতাল। চিকিৎসক, নার্স, শয্যা, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও জরুরি সেবায় বাড়ছে চাপ। জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইনে ১০৯ দশমিক ৬ শতাংশ কভারেজের দাবি থাকলেও হামে মৃত্যু থামেনি। একইভাবে প্রতিদিন বিপুলসংখ্যক ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি এডিস মশা নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে।
ফলে হাম ও ডেঙ্গুর এই যুগপৎ সংক্রমণ এখন কেবল রোগী ও মৃত্যুর পরিসংখ্যান নয়; এটি দেশের টিকাদান, রোগ নজরদারি, মশক নিয়ন্ত্রণ এবং হাসপাতাল ব্যবস্থাপনার সক্ষমতারও বড় পরীক্ষা। গত এক সপ্তাহের ৫৮ মৃত্যু এবং সর্বশেষ ২৪ ঘণ্টার ৯ মৃত্যু সেই সংকটেরই কঠিন বাস্তবতা সামনে এনেছে।