প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০০ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৮১৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং ৩৯ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (১১ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ১২ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত) নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক যে ৭ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫ জনই ঢাকা বিভাগ ও জেলার।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট ১ লাখ ৭০ হাজার ৬৩৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬ জনের দেহে।
একই সময়ে (১৫ মার্চ থেকে অদ্যাবধি) দেশে হামে সন্দেহজনক মোট ৯১৯ জনের এবং নিশ্চিতভাবে ১০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫০ হাজার ২০২ জন সন্দেহজনক রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৪ হাজার ৪৮৫ জন।