মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। ছবি: ফেসবুক/মেহেদী হাসান সাগর
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের এখন পর্যন্ত এক দিনের হিসাবে রেকর্ড প্রাণহানি। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ে বুলেটিনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।
নতুন করে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন, দক্ষিণ সিটিতে ১৩৪ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৪০৮ জন হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন, খুলনায় ২৪২ জন ও ময়মনসিংহে ৭৭, রংপুরে ৭১ জন, রাজশাহীতে ১১৬ এবং সিলেটে আটজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অগাস্টেই মারা গেছে ৪৩ জন।
এ ছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে ৪৫ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
তাদের মধ্যে ৪২ হাজার ১২৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ২১৮ জন।