ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৩ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ১১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৪০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি খুলনা বিভাগের বাসিন্দা।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫৬৭ জনের।
এই সময়ের মধ্যে হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। ৯৯ জন মারা গেছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪৫৩ রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন।