প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৩ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৯৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার হাম পরিস্থিতির এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজনই ঢাকা বিভাগের এবং তারা ঢাকা জেলার বাসিন্দা। এই সময়ে ৯৬৪ জন সন্দেহজনক রোগীর পাশাপাশি নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের শরীরে। তবে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫২৭ জনের। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে সন্দেহজনক মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৭ জনে। অন্যদিকে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া মৃত্যুর মোট সংখ্যা ৯৯।