বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের ডেঙ্গু ওয়ার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনসহ চলতি মাসের প্রথম তিন দিনেই ডেঙ্গুতে প্রাণ গেছে ১৪ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৫২ জন।
মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, ৩৭ জন।
এ ছাড়া খুলনা ১৯, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৬, ময়মনসিংহ ১২, বরিশাল ১০, রাজশাহী ৪, চট্টগ্রাম ৮, ঢাকা বিভাগে ৩ (সিটি করপোরেশনের বাইরে), রংপুর ১ এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ২৪৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন ১ হাজার ২৫২ রোগীসহ এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩৯ হাজার ৫৩২ জন।
এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে আগস্ট মাসে, ২০ হাজার ৫৩৬ জন।
এ দিকে ২৪ ঘণ্টা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ১ হাজার ৩৪ জনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৬৭ জন।