প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৭:৫৮ পিএম
এআই/প্রতীকী ছবি
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ২ জনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৯ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৪ হাজার ৬৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ হাজার ১৮৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৪০২ জন রোগী।
এ বছর ডেঙ্গুতে মৃত ৯২ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ১৮ জন এবং বরিশাল ও চট্টগ্রামে ৯ জন করে মারা গেছেন। বাকিরা অন্য বিভাগের।