প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৮:৫৯ পিএম
প্রতীকী ছবি/এআই
দেশজুড়ে হামের প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, বাড়ছে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে বৃহস্পতিবার এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। মৃত ৯৫৫ জনের মধ্যে হামের উপসর্গে ৮৫৬ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে আরও ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের মধ্যে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭২৬ জনের।
এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।
এদিকে হামের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৬, ময়মনসিংহে ৩৮, চট্টগ্রামে ১০৯, খুলনায় ২০৫, রাজশাহীতে ৭৩, রংপুরে ১৭ এবং বরিশালে ১১০ জন রয়েছে। চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ২৪৮ জন। মৃত্যু হয়েছে ৮৮ জনের। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৩০ হাজার ৭৭ জন; বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৮৩ জন।
তথ্য বলছে, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪, মৃত্যু ৫৭৫। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।