× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোডশেডিং: সারা দেশে হাসপাতালে ব্যাহত অস্ত্রোপচার ও অন্যান্য সেবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ০৮:২৮ এএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৬ ০৮:২৮ এএম

লোডশেডিংয়ের কারণে সারা দেশে হাসপাতালে ব্যাহত হচ্ছে অস্ত্রোপচার। ছবি: এআই

লোডশেডিংয়ের কারণে সারা দেশে হাসপাতালে ব্যাহত হচ্ছে অস্ত্রোপচার। ছবি: এআই

লোডশেডিংয়ের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাসপাতালে এখন দিনের বেলাতেই আঁধার নেমে আসে। ব্যাহত হয় হাসপাতালের অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা, ভোগান্তিতে পড়েন রোগী ও তার স্বজনরা। সব মিলিয়ে হাসপাতালে লোডশেডিং হয়ে ওঠে আরও ভয়ংকর। অবশ্য রাজধানীর বড় হাসপাতালগুলোর চিত্র তুলনামূলকভাবে স্বস্তিকর। কিন্তু রাজধানীর বাইরের হাসপাতালগুলোর চিত্র একেবারে অন্যরকম। কোনো হাসপাতালে থেমে যাচ্ছে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম, কোথাও বন্ধ হয়ে যাচ্ছে লিফট, কোথাও জেনারেটর চালু হলেও সচল রাখা যাচ্ছে না ভারী চিকিৎসা যন্ত্রপাতি। আবার কোনো কোনো হাসপাতালে জেনারেটর থাকলেও নেই পর্যাপ্ত জ্বালানির নিশ্চয়তা।

মেহেরপুর থেকে চট্টগ্রাম, খুলনা থেকে সিলেট, রাজশাহী থেকে কিশোরগঞ্জ, কুমিল্লা ও বরিশালÑ দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল ঘুরে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকরা যে চিত্র তুলে এনেছেন, তা থেকে সুস্পষ্টÑ তীব্র লোডশেডিং এখন শুধু নাগরিক জীবনের অস্বস্তি নয়, এটি চিকিৎসাসেবার নিরাপত্তা ও ধারাবাহিকতার জন্যও বড় উদ্বেগ। রাজধানীর বড় হাসপাতালগুলোর তুলনামূলক শক্তিশালী ব্যাকআপ ব্যবস্থার বিপরীতে জেলা ও উপজেলা পর্যায়ের অনেক হাসপাতাল এখনও আইপিএস, সীমিত ক্ষমতার জেনারেটর কিংবা অনিশ্চিত জ্বালানি সরবরাহের ওপর নির্ভরশীল। আর বিদ্যুৎহীন ওয়ার্ডে রোগীর পাশে বাতাস করার দায়িত্ব এসে পড়ছে স্বজনের হাতপাখায়।

মেহেরপুরে এক সংকটের সঙ্গে আরেক সংকট

মেহেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে এনেসথেশিয়ান না থাকায় সিজারসহ বিভিন্ন বড় ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এর মধ্যে বিদ্যুৎবিভ্রাট নতুন করে বাড়িয়েছে রোগী-দুর্ভোগ।

মুজিবনগর থেকে চিকিৎসা নিতে আসা ইয়ারুল ইসলাম জানান, হাসপাতালে মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যায়। এতে লিফটসহ বিভিন্ন সেবা ব্যাহত হয়।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. ফজলুর রহমান বলেন, জেনারেটর থাকলেও তা নিয়মিত পরিচালনায় সমস্যা রয়েছে। জ্বালানির জন্য আলাদা বরাদ্দ না থাকায় বিকল্প ব্যবস্থা সচল রাখা কঠিন।

চট্টগ্রামে জেনারেটর আছে, কিন্তু সব যন্ত্র চলে না

গত শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২ ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যাহত হয়। জেনারেটর চালু করা হলেও সব ভারী চিকিৎসা যন্ত্রপাতি সচল রাখা সম্ভব হয়নি।

রোগীর স্বজন আবদুল্লাহ জানান, হাসপাতালে বিদ্যুৎ না থাকায় আগের দিন বাবার এক্স-রে করানো যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জেনারেটরের মাধ্যমে অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউর মতো গুরুত্বপূর্ণ সেবা সচল রাখা হয়েছিল।

ডেঙ্গুর চাপ, তার ওপর লোডশেডিং

খুলনায় ডেঙ্গু রোগীর বাড়তি চাপে হাসপাতালগুলো এমনিতেই নাকাল; এর মধ্যে বিদ্যুৎ চলে গেলে সাধারণ ওয়ার্ডে গরমের কষ্ট অসহনীয় হয়ে ওঠে। রোগীর স্বজনরা কেউ হাতপাখা, কেউ কাগজ কিংবা কাপড় দিয়ে বাতাস করেন।

খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, ‘আইসিইউ ও গুরুত্বপূর্ণ বিভাগ সচল রাখার চেষ্টা করা হয়। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ডায়ালাইসিসসহ সংবেদনশীল চিকিৎসাসেবা নিয়ে বাড়তি সতর্ক থাকতে হয়।’

খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম গাজী বলেন, দীর্ঘ সময় জেনারেটর চালিয়ে বিকল্প ব্যবস্থা বজায় রাখা কঠিন। এতে জ্বালানি ব্যয়ও বেড়ে যায়।

হাতপাখাই যখন ভরসা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎবিভ্রাটের সময় ওয়ার্ডের ফ্যান বন্ধ হয়ে গেলে রোগী ও স্বজনদের কেউ বারান্দায়, কেউ বাইরে গিয়ে বসেন। কেউ স্যালাইন চলা অবস্থায়ও হাতে পাখা দিয়ে বাতাস নিতে বাধ্য হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন বলেন, ‘আইপিএসের মাধ্যমে জরুরি সেবা সচল রাখার চেষ্টা করা হয়। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে চিকিৎসাসেবায় সমস্যা তৈরি হয়।’

রাজশাহীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই সংকট। কোথাও জেনারেটর বিকল, কোথাও পর্যাপ্ত জ্বালানি নেই। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, দীর্ঘদিন ধরে জেনারেটর বিকল থাকায় জরুরি সেবা চালাতে আইপিএসের ওপর নির্ভর করতে হচ্ছে। বাঘায় জেনারেটর নেই, আর পুঠিয়ায় জ্বালানি সংকট রয়েছে।

কিশোরগঞ্জে ঝুঁকিতে ভারী যন্ত্রনির্ভর চিকিৎসা

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎবিভ্রাটে কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেনারেটর চালু করেও সব ভারী যন্ত্রপাতি একসঙ্গে সচল রাখা সম্ভব হচ্ছে না।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বলেন, ‘অপারেশন থিয়েটার, আইসিইউ, নবজাতক ইউনিট, জরুরি বিভাগ ও ডায়ালাইসিসের মতো জায়গায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অত্যন্ত জরুরি। হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ও স্বাস্থ্যকর্মীরা একই সমস্যায় পড়ছেন।’

কুমিল্লায় পরীক্ষা-নিরীক্ষা বন্ধ, বরিশালেও দুর্ভোগ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, গত ১১ আগস্ট বিদ্যুৎবিভ্রাট এতটাই তীব্র ছিল যে, হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয়নি।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে বিদ্যুৎবিভ্রাটে লিফট বন্ধ হয়ে যায়, পানির সংকট দেখা দেয় এবং গরমে রোগীদের কষ্ট বাড়ে। বরিশাল সদর হাসপাতালে কার্যকর জেনারেটর না থাকায় বিদ্যুৎ বন্ধ হলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ রয়েছে।

রাজধানীতে তুলনামূলক স্বস্তি

রাজধানীর বড় হাসপাতালগুলোতে সাম্প্রতিক লোডশেডিংয়ের মধ্যেও জরুরি চিকিৎসাসেবা সচল রাখার সক্ষমতা তুলনামূলক বেশি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাসেবা ব্যাপক আকারে ব্যাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

একই ধরনের প্রস্তুতি রয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আলাদা বিদ্যুৎলাইন ও নিজস্ব জেনারেটর থাকায় সেখানে লোডশেডিংয়ের বড় প্রভাব পড়েনি। কিন্তু রাজধানী ও রংপুরের এই তুলনামূলক প্রস্তুতির বিপরীতে জেলা ও উপজেলা পর্যায়ের বহু হাসপাতাল এখনও জেনারেটরের জ্বালানি, সীমিত ক্ষমতা কিংবা বিকল যন্ত্রপাতির সমস্যায় ভুগছে।

বিশেষজ্ঞের তাগিদÑ হাসপাতালকে দিতে হবে অগ্রাধিকার

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, ‘হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিতে হবে। কারণ সেখানে রোগী ও জরুরি চিকিৎসাসেবা থাকে, যা এক মুহূর্তের জন্যও বন্ধ রাখা যায় না।’

তিনি বলেন, ‘বিদ্যুৎ সমস্যার সময় নিরবচ্ছিন্ন সেবা চালু রাখতে কার্যকর বিকল্প ব্যবস্থা থাকতে হবে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে অনেক হাসপাতালেই জেনারেটর নেই, আবার কোথাও থাকলেও তা চালানোর মতো জ্বালানি ক্রয়ের অর্থের অভাব রয়েছে।’ 

ডা. মুশতাক হোসেন বলেন, ‘অনেক হাসপাতালে বিদ্যুৎ বিলের জন্য অর্থ বরাদ্দ থাকলেও সেই অর্থ জেনারেটরের জ্বালানি কেনার কাজে ব্যয় করার সুযোগ নেই। ফলে বিকল্প ব্যবস্থা চালু রাখার ক্ষেত্রে অর্থসংকট তৈরি হয়। এ সমস্যা দ্রুত সমাধান করে জেনারেটরের জ্বালানির জন্য পৃথক ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় জ্বালানি কেনার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দেন তিনি।

মেহেরপুরে জ্বালানি বরাদ্দের সমস্যা, রাজশাহীতে বিকল জেনারেটর ও জ্বালানি সংকট, খুলনায় দীর্ঘ সময় জেনারেটর চালানোর ব্যয় এবং বরিশালে কার্যকর বিকল্প ব্যবস্থার অভাবÑ সব মিলিয়ে বিদ্যুৎ সংকটের পাশাপাশি ব্যাকআপ ব্যবস্থা পরিচালনার দুর্বলতাও উঠে এসেছে।

হাসপাতালে চাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

চিকিৎসা-সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের বিদ্যুৎ সরবরাহকে সাধারণ স্থাপনার মতো বিবেচনা করার সুযোগ নেই। অপারেশন থিয়েটারের আলো, আইসিইউর যন্ত্র, ডায়ালাইসিস মেশিন, নবজাতক ইউনিট ও জরুরি বিভাগের চিকিৎসা সরঞ্জামÑ সবকিছুই নিরবচ্ছিন্ন বিদ্যুতের ওপর নির্ভরশীল।

জেনারেটর ও আইপিএস সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিতে পারে। কিন্তু দীর্ঘ বা ঘন ঘন বিদ্যুৎবিভ্রাট মোকাবিলায় প্রয়োজন পর্যাপ্ত ক্ষমতাসম্পন্ন ব্যাকআপ ব্যবস্থা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, বিকল জেনারেটর দ্রুত মেরামত এবং জ্বালানির নিশ্চিত বরাদ্দ।

(প্রতিবেদন তৈরিতে অনুসন্ধানের ভিত্তিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, মধ্যাঞ্চল ও কুমিল্লা অফিস, মেহেরপুর প্রতিনিধি, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিবেদক ও প্রতিনিধিরা।)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা