প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৮:৩৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ১৮:৪৩ পিএম
প্রতীকী ছবি/এআই
দেশে মশাবাহিত রোগ ডেঙ্গু ও ছোঁয়াচে রোগ হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জন এবং হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের, যার মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮২ জনের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে দেশে হামের সংক্রমণও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৯৭ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের। এই সময়ে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিভাগ ও ঢাকা জেলায় মৃত্যুহার সবচেয়ে বেশি।
অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৪০৪ জন।
এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৩৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া মৃতের সংখ্যা ৯৯। এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।