প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৮:০০ পিএম
কলেরা সংক্রমণ প্রতিরোধে শনিবার থেকে দেশের উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। ছবি: ফোকাস বাংলা
কলেরা সংক্রমণ প্রতিরোধে শনিবার থেকে দেশের উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় মুখে খাওয়ার কলেরার টিকা (প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন, পিওসিভি) দেওয়ার কর্মসূচি শুরু করেছে সরকার। ঢাকার দুই সিটি করপোরেশনসহ কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ১৪টি উপজেলা ও থানা এলাকায় এ টিকা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় ৫১ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক বছর ও তার বেশি বয়সী সবাই এ টিকা নিতে পারবেন। তবে অন্তঃসত্ত্বা নারীরা এ টিকা নিতে পারবেন না। প্রথম ডোজ দেওয়া হচ্ছে ২২ আগস্ট থেকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে। কলেরা থেকে কার্যকর সুরক্ষার জন্য উপযুক্ত প্রত্যেক ব্যক্তিকে দুই ডোজই নিতে হবে; এক ডোজে পূর্ণ সুরক্ষা নিশ্চিত হয় না।
কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় টিকা দেওয়া হবে। ঢাকায় দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর এবং উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকায় এ কার্যক্রম চলবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। এতে সহায়তা করছে গ্যাভি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), আইএফআরসি, আইসিডিডিআর,বি এবং অন্যান্য উন্নয়ন ও বাস্তবায়নকারী অংশীদার।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সরকারের বহুখাতভিত্তিক অগ্রাধিকারমূলক (পিএএমআই) বিশ্লেষণের মাধ্যমে উচ্চ ও অত্যন্ত উচ্চঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় কলেরাজনিত অসুস্থতা ও মৃত্যু কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এ টিকাদান কর্মসূচি।
টিকা নিতে উপযুক্ত নাগরিকদের VaxEPI ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের মাধ্যমে ন্যাশনাল হেলথ আইডি কার্ড তৈরির সুযোগ থাকবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে।
অধিদপ্তর বলেছে, টিকার পাশাপাশি নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা বজায় রাখাও কলেরা প্রতিরোধের অন্যতম প্রধান ভিত্তি। কর্মসূচির সফলতার জন্য সবাইকে সময়সূচি অনুযায়ী দুই ডোজ টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।