প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৮:১১ পিএম
প্রতীকী ছবি/এআই
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ব্যক্তিটি খুলনা বিভাগের। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৭৭ জনের মৃত্যু হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৭৫০ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ২৩০ জন ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে ১৭৩ জন, বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৩৩ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে ১৬ জন এবং বরিশাল বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম ১ জন করে মারা গেছেন রংপুর ও সিলেট বিভাগে।