প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৮:২৩ পিএম
জাতীয় প্রেস ক্লাবে বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।। ছবি: ড্যাব
কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে বুধবার সকাল ১০টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান ড্যাবের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ড্যাব।
ড্যাব নেতারা বলেন, দেশের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকরা প্রতিকূল পরিবেশেও দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু কর্মস্থলে চিকিৎসকদের ওপর বারবার হামলা অত্যন্ত উদ্বেগজনক। এতে চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কর্মস্থলে চিকিৎসকদের ওপর হামলার প্রতিটি ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করারও আহ্বান জানান তারা।
ড্যাব নেতারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর হামলার হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।