প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৭:২৫ পিএম
প্রতীকী ছবি। এআই
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে নতুন আক্রান্ত ৮০৫ জনের মধ্যে ৪১৭ জন ঢাকা বিভাগের এবং বাকি ৩৮৮ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের। এর মধ্যে সর্বোচ্চ ৯৭ জন খুলনা বিভাগে এবং ৮২ জন চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে ৯ হাজার ৭০১ জন ঢাকা বিভাগের এবং ১৪ হাজার ২৭৭ জন ঢাকার বাইরের।
এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৩৩ জন এবং বরিশাল বিভাগে ৮ জন। চট্টগ্রাম ও খুলনা বিভাগে যথাক্রমে ৫ ও ১৩ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৬৩৫ জন ঢাকার এবং ১ হাজার ১১৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
অন্যদিকে, চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২২ হাজার ১৫৯ জন রোগী।